কক্সবাজারে ঝুঁকি নিয়ে সমুদ্রে নামছে পর্যটকেরা
চরম ঝুঁকি নিয়ে ভাটার সময়ও কক্সবাজারে সমুদ্রে নামছে হাজারো পর্যটক। এতে অনেকে স্রোতের টানে ভেসে যাচ্ছে।গত বুধবার ভাটার স্রোতে হারিয়ে এক স্কুলছাত্র মারা যায়। আর গত তিন দিনে সমুদ্র থেকে উদ্ধার করা হয় ৩০ পর্যটককে।গতকাল শুক্রবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, পূর্ণ ভাটার সময়ও কয়েক হাজার পর্যটক সমুদ্রে নেমেছে। পর্যটকদের অনেকে সমুদ্রে হাতবল খেলছে। অনেকে টায়ার-টিউব নিয়ে ভেসে ভেসে গভীর সাগরে চলে যাচ্ছে। যদিও এ সময় সমুদ্রে না নামার সংকেত হিসেবে একসঙ্গে দুটি লাল পতাকা উড়ছিল।ভাটার সময় সাগরে না নামার সংকেত হিসেবে প্রশাসনের পক্ষ থেকে সৈকতের বিভিন্ন স্থানে লাল পতাকা ওড়ানো হয়। আর জোয়ারের সময় ওড়ানো হয় সবুজ পতাকা। ভাটার সময় ঝুঁকি নিয়ে সমুদ্রে নামার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকার লালবাগ থেকে আসা কলেজছাত্র ইশতিয়াক আহমদ বলেন, ‘রাতের বাসে ঢাকায় ফিরে যাব। আবার কখন আসি ঠিক নাই। তাই বন্ধুদের নিয়ে শেষবারের মতো সমুদ্রে নেমেছি।’ চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসা ব্যবসায়ী গোলাম মাওলা বলেন, ‘বিকেল চারটায় কক্সবাজারে পৌঁছে সাগরে নামলাম। ভাটার কথা কেউ বলেনি। তা ছাড়া, আমরা সাগরের গভীরে যাচ্ছি না।’সূর্য ডোবার পরও শত শত পর্যটককে সমুদ্রে দেখা যায়। এ সময় ১০-১২ জন ডুবুরি ও স্বেচ্ছাসেবী হাতমাইক, বাঁশি ও লাল পতাকা নেড়ে পর্যটকদের উঠে আসতে বলছেন। কিন্তু পর্যটকদের সেদিকে ভ্রুক্ষেপ নেই।স্বেচ্ছাসেবী নবীর হোসেন বলেন, ভাটার সময় সমুদ্রে না নামার জন্য একসঙ্গে দুটি লাল পতাকা তুলে দেওয়া হয়েছে। তার পরও হাজারো পর্যটক ঝুঁকি নিয়ে সমুদ্রে নামছে।কয়েকজন স্বেচ্ছাসেবীকে পর্যটকদের মধ্যে জেলা প্রশাসনের তৈরি করা প্রচারপত্র বিতরণ করতে দেখা যায়। প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে: ‘সমুদ্রসৈকতে লাল পতাকা ওড়ানো মানে সমুদ্রে নামা বিপজ্জনক।’ ‘সমুদ্রে নামার আগে পতাকার সংকেত দেখুন।’ ‘সৈকতে লাল পতাকা ভাটার নির্দেশক। ভাটার সময় সমুদ্রে নামবেন না।’ ‘একসঙ্গে যেখানে দুটি লাল পতাকা উড়ানো হচ্ছে, সেখানে ঝুঁকি সবচেয়ে বেশি।’ অথচ যেখানে দুটি লাল পতাকা ওড়ানো হয়েছে, সেখানেই গতকাল সন্ধ্যা পর্যন্ত ঝুঁকি নিয়ে হাজারো পর্যটককে পানিতে থাকতে দেখা যায়। ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল বলেন, হাজার হাজার পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নামছে। অনেকে বিপদেও পড়ছে। গত তিন দিনে ৩০ জনের বেশি ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।রবি লাইফ গার্ড স্টেশনের পরিচালক সৈয়দ নুর বলেন, গতকাল বিকেলে সৈকতে দুই লাখের বেশি পর্যটকের সমাগম ঘটে। বিপুলসংখ্যক পর্যটককে সামাল দিতে ২০-২৫ জন ডুবুরিকে হিমশিম খেতে হচ্ছে।