কক্সবাজারে ঝড়ে তিন ট্রলারডুবি, জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কুতুবদিয়া এলাকায় গত দুই দিনে প্রচণ্ড ঝড়ে তিনটি মাছধরার ট্রলার ডুবে গেছে। কুতুবদিয়ায় ঝড়ে এক জেলের মৃত্যু হয়েছেন।কক্সবাজার আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, সাগর উত্তাল থাকায় কক্সবাজার উপকূলসহ চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। সব নৌযান ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাতটায় ঝড়ে টেকনাফের বাহারছড়া উপকূলে ১৮ জন জেলে নিয়ে একটি মাছধরার ট্রলার ডুবে যায়। এ সময় অন্য দুটি ট্রলার ভাসমান অবস্থায় ট্রলারের ১৮ জন জেলেকে উদ্ধার করে উখিয়ায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, গত শুক্রবার রাত আটটায় ঝড়ে উখিয়ার ইনানী উপকূলে ১৬ জন জেলে নিয়ে আরেকটি ট্রলার ডুবে যায়। এই ট্রলারটিও গভীর সাগর থেকে উপকূলে ফিরছিল। ট্রলারটির সঙ্গে থাকা অপর একটি ট্রলার ১৬ জন জেলেকে উদ্ধার করে কক্সবাজার নিয়ে আসে। জেলেরা জানান, শুক্রবার সকাল আটটায় ঝড়ে কুতুবদিয়া উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ১৭ জন জেলে নিয়ে আরও একটি ট্রলার ডুবে যায়। আরেকটি ট্রলার জেলেদের উদ্ধার করে নিয়ে আসে। বিকল ট্রলারটি রশি দিয়ে বেঁধে টেনে আনা হচ্ছিল। হঠাৎ জোয়ারের ধাক্কায় ট্রলারে বাঁধা মোটা রশিটি ছিঁড়ে বশির আহমদ নামের এক জেলের গায়ে লাগে। সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে নেওয়ার পথে বশির চকরিয়া এলাকায় মারা যান। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর বড়ঘুপ গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান ট্রলারডুবির সত্যতা নিশ্চিত করেছেন।