কক্সবাজারে ডাকাতের গুলিতে নিহত ১
কক্সবাজার শহরতিলর কলাতলী চন্দ্রিমা হাউজিং এলাকার ঝরঝড়ি গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতের গুলিতে আবুল মনছুর (৫০) নামের এক ব্যক্তি
নিহত হয়েছেন৷ এ সময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন আরও কমপক্ষে আটজন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ১২-১৩ জন সশস্ত্র ডাকাত পাহাড়ি গ্রাম ঝরঝড়ির বাসিন্দা মাহবুবুর রহমানের বাড়িতে ঢুকে সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করতে থাকে। এ সময় ঘরের সদস্যরা চিৎকার শুরু করলে ডাকাতেরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে ও তাঁদের মারধর করে৷ এ সময় প্রতিবেশী লোকজন লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের ঘিরে ফেললে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে পাহাড়ে পালিয়ে যায়৷ এ সময় ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই মারা যান স্থানীয় চায়ের দোকানদার আবুল মনছুর। এ সময় ডাকাতের হামলায় আটজন আহত হন৷
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, পুলিশ নিহত আবুল মনছুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷
ওসি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের সদস্য কবির আহমদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে৷