কক্সবাজারে তাবলিগ ইজতেমা শুরু
কক্সবাজার শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন পর্যটন করপোরেশন গলফ মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের তাবলিগ জামাতের ইজতেমা।
জেলার টেকনাফ, উখিয়া, সদর, রামুসহ বিভিন্ন স্থানের হাজার হাজার নারী-পুরুষ এতে অংশ নেন। আজ শুক্রবার দুই লাখের বেশি মুসল্লির সমাগম আশা করছেন আয়োজকেরা।
জেলা তাবলিগ জামাতের শুরা সদস্য মুফতি মোর্শেদুল আলম বলেন, আল্লাহর সন্তুষ্টি আর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা দলে দলে ইজতেমায় শরিক হচ্ছেন। আজ শুক্রবার দুই লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর কয়েক মাস আগে দেশের বিভিন্ন জেলায় এ রকম ১২টি জেলা ইজতেমার আয়োজন করা হবে। ৮ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, ইজতেমা ও মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েম করা হয়েছে। আশপাশের এলাকায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।