কক্সবাজারে তামাকচুল্লি তৈরির হিড়িক
কক্সবাজারের বিভিন্ন স্থানে বিষাক্ত তামাক পোড়ানোর জন্য চুল্লি তৈরির হিড়িক পড়েছে। কিছু এলাকায় চুল্লিতে বনের গাছ দিয়ে তামাক পোড়ানো শুরু হয়েছে। এতে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। গতকাল সোমবার সকালে রামু উপজেলার কাউয়ারখুপ ইউনিয়নের মুষকুম গ্রাম পরিদর্শন করে দেখা গেছে, ব্যক্তিগত ফসলি জমি ছাড়াও সংরক্ষিত পাহাড়ে তামাক চাষ হচ্ছে। পার্শ্ববর্তী গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা, সিকদারপাড়া, জুমছড়ি, ক্যাজরপাড়া; কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া, ফাঁক্রিকাটা, মৌলভিকাটার বিপুল পরিমাণ ফসলি জমিতেও তামাক চাষের উত্সব চলছে। তামাকপাতা পোড়ানোর জন্য এসব এলাকায় তৈরি করা হয়েছে পাঁচ শতাধিক চুল্লি।মুষকুম গ্রামের চাষি আবদুর রহমান (৫৫) জানান, গত জানুয়ারি মাসে তিনি দেড় একর ফসলি জমিতে তামাক চাষ করেন। এখন তামাকপাতা কাটা হচ্ছে। পাতা পোড়ানোর জন্য তিনি খেতের পাশে তৈরি করেন তিনটি চুল্লি। দেখা গেছে, প্রতিটি চুল্লি তৈরি করতে বনের গাছ (খুঁটি) লাগানো হয়েছে ১২টি করে। চুল্লির পাশে জ্বালানি হিসেবে মজুত রাখা হয়েছে বিপুল পরিমাণ চারা গাছ। এ প্রসঙ্গে আবদুর রহমান বলেন, গাছ ছাড়া চুল্লি তৈরি ও তামাকপাতা পোড়ানো সম্ভব নয়। ফাঁক্রিকাটা গ্রামের চাষি তোফায়েল আহমদ (৪৪) বলেন, ফসলি জমিতে তামাক চাষের জন্য বিভিন্ন সংস্থা (এনজিও) চাষিদের নগদ টাকা ও বীজ সরবরাহ করলেও পাতা পোড়ানোর বিকল্প ব্যবস্থা করে না। বোরো চাষের বিপরীতে বরাদ্দ ইউরিয়া সার কিনে তামাক চাষে ব্যবহার করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, নানা সভা সমাবেশ করে তামাক চাষে কৃষকদের নিরুত্সাহিত করা হচ্ছে। কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এম খালেক খান বলেন, চুল্লিতে যেন বনের গাছ পোড়ানো না হয়, তার জন্য বনপ্রহরীদের সতর্ক রাখা হয়েছে। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, চুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, শিশুদের শ্বাস-প্রশ্বাসের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। গ্রাম বা লোকালয়ে চুল্লি তৈরি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ইটভাটার মতো তামাকচুল্লি তৈরির আগে পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক করা জরুরি।