কক্সবাজারে তালগাছের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু
কক্সবাজারে তালগাছের নিচে চাপা পড়ে মনিরা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রোববার শহরের হাসপাতাল সড়কের খানেকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরা বেগম প্রথম আলো-বন্ধুসভা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলমের মা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার নিজ বাড়ির পেছনের একটি গোসলখানায় মনিরা বেগম গোসল করছিলেন। এ সময় প্রতিবেশীর বাড়িতে অবস্থিত একটি বড় তালগাছ কাটার সময় সেটি ওই গোসলখানার ওপর পড়ে। এতে গোসলখানাটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই মনিরা বেগমের মৃত্যু হয়। নিহত মনিরার ছেলে দিদারুল আলম বলেন, এত বড় একটি তালগাছ কাটার সময় প্রতিবেশীদের কাউকে জানানো হয়নি। এ ব্যাপারে তিনি হত্যা মামলা করবেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।