কক্সবাজারে তিন দিনে সুন্দরবনের পক্ষে ৬৫০০ ভোট পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে শীর্ষস্থানে নিয়ে যেতে গত বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আয়োজন করা হয় ইন্টারনেটে ভোট প্রদান উৎসব। গতকাল শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত এই উৎসবে সুন্দরবনের পক্ষে ছয় হাজার ৫০০ ভোট দেওয়া হয়। সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এই উৎসবের আয়োজন করে। জেলা পুলিশের সাতটি ল্যাপটপ ও ১২টি মুঠোফোনের মাধ্যমে পর্যটক, স্থানীয় পুলিশ, সাংবাদিক, হোটেল মালিক-কর্মচারী, ব্যবসায়ীসহ সব পেশার মানুষ এতে অংশ নেন। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর জানান, এই কেন্দ্র থেকে আগামী ১১ নভেম্বর নাগাদ আরও পাঁচ হাজারের বেশি ভোট দেওয়া হবে বলে তাঁরা আশা করছেন। ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক (ব্যবসায়ী) সালামত খাঁ (৩৫) বলেন, ‘প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন তালিকা থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার বাদ পড়লেও সুন্দরবন এখনো টিকে রয়েছে। বিশ্বের বড় ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে আমরা সুন্দরবন নিয়ে আশাবাদী। তাই ভ্রমণে এসেও শেষ লড়াইটা চালিয়ে যাচ্ছি। যেন সুন্দরবন শীর্ষস্থান থেকে ছিটকে না পড়ে।’