কক্সবাজারে তিন দিনের ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের জেলে পার্ক মাঠ-সংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনের ইজতেমা। ভোরে ফজরের নামাজ আদায়ের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল কার্যক্রম।

জেলার রামু, চকরিয়া, সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া টেকনাফ, উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার হাজারো মানুষ ইজতেমায় অংশ নিচ্ছেন। আজ শুক্রবার ইজতেমায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

কক্সবাজার জেলা তাবলিগ জামাতের শ‌ুরা সভাপতি ও ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মাওলানা জাফর আহমদ বলেন, আল্লাহর সন্তুষ্টি আর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা ইজতেমায় শরিক হচ্ছেন।

ইজতেমা পরিচালনা কমিটির মুরুব্বিরা জানান, তৃতীয়বারে মতো কক্সবাজারে ইজতেমা হচ্ছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৪৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। কাল শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, ইজতেমা ও মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।