কক্সবাজারে তিন শতাধিক ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বিভিন্ন হাটবাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি হচ্ছে মা-ইলিশ। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত শহরের কয়েকটি বাজারে অভিযান চালিয়ে তিন শতাধিক মা-ইলিশ জব্দ করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকাল ১০টায় শহরের বাহারছড়া বাজার, কানাইয়ার বাজার ও নুনিয়াছটা ফিশারিঘাটে অভিযান চালিয়ে তিন শতাধিক মা-ইলিশ জব্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাঈন উদ্দিন আহমদ। ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ১১ দিন উপকূলজুড়ে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে শাস্তির বিধান রাখা হয়েছে। মৎস্য কর্মকর্তা মাঈন উদ্দিন আহমদ বলেন, বঙ্গোপসাগরে ইলিশ প্রজননক্ষেত্র হিসেবে চারটি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে: কক্সবাজারের উত্তর কুতুবদিয়া থেকে গন্ডামারা, চট্টগ্রামের শাহেরখাল থেকে হাইতকান্দি, ভোলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া এবং কলাপাড়া উপজেলার লতাচাপলি পর্যন্ত।