কক্সবাজারে তিন সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি ১০ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের তিনটি সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি ১০ গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ৷ তিন বাহিনীর শতাধিক সন্ত্রাসী শহরের বিভিন্ন স্থান থেকে লোকজনকে অপহরণ করে পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ, বাসাবাড়িতে গিয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় এবং সরকারি পাহাড় বেদখল করে দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা৷
অনুসন্ধানে জানা গেছে, শহরের পাহাড়তলী এলাকায় সিফাত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর প্রধান জাহেদুল আলম ওরফে সিফাত (২৮)৷ ১৮ মে ভোররাতে পুলিশের সঙ্গে সিফাত বাহিনীর গুলিবিনিময়ের পর থেকে সিফাত আত্মগোপন করলেও বর্তমানে দলের নেতৃত্ব দিচ্ছেন তাঁর ছোট ভাই শহীদুল আলম ওরফে আরাফাত (২০)৷ আরাফাতের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী যুবক পাহাড়তলী, সাত্তারঘোনা, লাইট হাউস, লারপাড়া, সিটি কলেজ এলাকা নিয়ন্ত্রণ করছে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ১৮ মে ভোররাতে পাহাড়তলী এলাকায় পুলিশের সঙ্গে সিফাত বাহিনীর তিন ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনায় পুলিশের চার সদস্যসহ ১০ জন আহত হন৷ এ সময় পুলিশ দুটি অবৈধ অস্ত্রসহ সিফাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবদুল মুবিন, সিফাতের দেহরক্ষী আবদুল হালিম ওরফে নিখেলকে গ্রেপ্তার করে৷ পরে এঁদের স্বীকারোক্তিমতে পুলিশ পাহাড়তলীর উঁচু পাহাড়চূড়ার মাটি খুঁড়ে অপহৃত ব্যবসায়ী আজিজুর রহমানের (২৫) লাশ উদ্ধার করে৷ ১০ মে রাত ১১টায় শহরের কালুর দোকান এলাকা থেকে সিফাত বাহিনীর সদস্যরা আজিজুর রহমানকে অপহরণ করে৷ এরপর হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে৷ নিহত আজিজুর রহমান স্থানীয় পাহাড়তলী গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে৷
স্থানীয় লোকজন জানান, শহরের বৈদ্যেরঘোনা, ঘোনাপাড়া, খাজা মঞ্জিল, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মোহাজেরপাড়া নিয়ন্ত্রণ করে রফিক ও দিলু বাহিনী৷ শহরের এবিসিঘোনার সমিতি বাজার এলাকার একসময়ের জেলেশ্রমিক আবুল মাঝির দুই ছেলে রফিক (২৮) ও দিলু (৩০) পৃথক বাহিনী তৈরি করে এখন কোটিপতি৷ দুই দলের সদস্যসংখ্যা ৬০ থেকে ৭০ জন৷
স্থানীয় সূত্র জানায়, দিলু বাহিনীর ক্যাডার মোহাজেরপাড়ার জসিম, ঘোনারপাড়ার মামুন, পাহাড়তলীর শফিক, সমিতি বাজারের রানা ও রুমালিয়াছড়ার এনামের হাতে রয়েছে একাধিক অবৈধ অস্ত্র৷ দিনের বেলায় এসব সন্ত্রাসী শহরের প্রধান ও বাইপাস সড়ক ঘুরে বেড়ায় এবং টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালীসহ বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে জরুরি প্রয়োজনে কক্সবাজার শহরে আসা লোকজনকে ধরে নিয়ে টাকাসহ মূল্যবান জিনিস লুট করে৷
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের টেকপাড়ার এক ব্যবসায়ী বলেন, গত ১২ মে সকাল সাতটার দিকে তাঁর এক স্কুল পড়ুয়া ছেলেকে রফিক বাহিনীর সন্ত্রাসীরা ছুরি ধরে পাহাড়তলীর একটি আস্তানায় আটকে রাখে৷ সন্ধ্যায় ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনা হয়েছে৷ এখন সে ভয়ে স্কুলে যেতে চাইছে না, ঘরেও পড়ছে না৷
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ১৮ মে ভোররাতে সিফাত বাহিনীর সঙ্গে পুলিশের গুলিবিনিময় এবং পরে পাহাড়ের মাটি খুঁড়ে অপহৃত এক ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় সিফাত, রফিক, দিলু বাহিনীর সন্ত্রাসীরাও আত্মগোপন করে৷ সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷