জ্বালানি তেলের সংকটের কারণে কক্সবাজারের তিন হাজারের বেশি মাছ ধরার ট্রলার সাগরে নামতে পারছে না। এতে ৬০ হাজার জেলে বেকার হয়ে পড়েছেন। অবরোধ কর্মসূচি চলতে থাকলে আরও সাড়ে তিন হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ হয়ে যাবে।
গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, ট্রলারের ওপর বসে জেলেরা অলস সময় পার করছেন। এফবি ছানা উল্লাহ ট্রলারের জেলে কামাল উদ্দিন (৪৫) বলেন, ‘একটি ট্রলার সাত দিনের জন্য সাগরে গেলে কমপক্ষে ৩০০ লিটার ডিজেলের দরকার পড়ে। আগে প্রতি লিটার ডিজেল ৭০ টাকায় কেনা হলেও এখন ১৫০ টাকায় ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে পাঁচ দিন ধরে ঘাটে নোঙর করে আছি।’
এফবি সাবেকুন্নাহার ট্রলারের জেলে আনসার হোসেন (৩৮) বলেন, অবরোধের কারণে কক্সবাজার-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ থাকায় শহরের পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।
শহরের নুনিয়াছটার জেলে আবদুল জলিল (৪৮) বলেন, মাছ ধরা বন্ধ থাকায় গত পাঁচ দিন তিনি ধারকর্জ করে সংসার চালিয়েছেন। এখন তাও বন্ধ হয়ে গেছে। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলায় ছোটবড় সাড়ে ছয় হাজার ট্রলার রয়েছে। জালানি তেলের সংকটের কারণে ইতিমধ্যে তিন হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ রয়েছে। এতে প্রায় ৬০ হাজার জেলে বেকার হয়ে পড়েছেন।
শহরের কামিনীমোহন মহাজন ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, বিক্রির জন্য জ্বালানি তেল নেই। স্টেশনের মালিক গোপাল সেন বলেন, আগে এই স্টেশন থেকে দৈনিক আট হাজার লিটার জ্বালানি তেল বিক্রি হতো। কিন্তু আট দিন ধরে চট্টগ্রাম থেকে জ্বালানি তেল আনা যাচ্ছে না। স্টেশনের ম্যানেজার উত্তম বলেন, গত মঙ্গলবার অবরোধকারীরা এই স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়ে বিপুল সম্পদের ক্ষতি করেন। তাঁরা পেট্রল পাম্পে আগুন দিয়ে নাশকতার অপচেষ্টা চালান। কিন্তু জ্বালানি তেল না থাকায় তা সম্ভব হয়নি। শহরের আরও চারটি ফিলিং স্টেশনেও জালানি তেলের সংকট চলছে।