কক্সবাজারে তিনজনের মৃত্যু ভেঙেছে ২৮ কিমি বেড়িবাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়িবাঁধ ভেঙে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, ফসলের জমি। ছবিটি গতকাল বিকেলে মগনামা ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে তোলা l প্রথম আলো
বেড়িবাঁধ ভেঙে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, ফসলের জমি। ছবিটি গতকাল বিকেলে মগনামা ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড়ে কক্সবাজারের কুতুবদিয়ায় তিনজন মারা গেছেন। এ ছাড়া রোয়ানুর প্রভাবে কক্সবাজারের প্রায় ২৮ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে পাঁচ উপজেলার অন্তত ১৮০টি গ্রামের কমপক্ষে ৫০ হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফজলুল হক (৫৫), মো. ইকবাল (২৫) ও ফকির আলম (৪৯)।
স্থানীয় সূত্র জানায়, উত্তর ধুরুংয়ে দুটি ট্রলারের চাপায় জেলে ফজলুল হকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার কৈয়ারবিল গ্রামে। ঘরের মাটির দেয়ালে চাপা পড়ে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ধুরুং গ্রামের মো. ইকবাল (২৫) মারা যান। বিকেলে পুলিশ আলীআকবরডেইল সৈকত থেকে জেলে ফকির আলমের (৪৯) লাশ উদ্ধার করে। সাগরে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে গিয়ে তাঁর মৃত্যু হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই প্রথম আলোকে জানান, বিকেলে তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ায় প্রায় ৭ কিলোমিটার, পেকুয়ায় ৬ কিলোমিটার, মহেশখালীতে ৫ কিলোমিটার, টেকনাফে ১ কিলোমিটার, কক্সবাজার সদর উপজেলায় ৪ কিলোমিটারসহ অন্যান্য এলাকায় প্রায় ২৮ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ভাঙা বাঁধ দিয়ে সমুদ্রের পানি ঢুকে অন্তত ১৮০টি গ্রামের ৫০ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৬০ কিলোমিটার বেড়িবাঁধ।
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, উপজেলার কৈয়ারবিল, আলীআকবরডেইল, লেমশিখালী, ধুরুং ও উত্তর ধুরুং ইউনিয়নের কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে প্রায় ২০ হাজার ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। এসব এলাকার গৃহহীন হাজার হাজার মানুষ খাদ্যসংকটে পড়েছে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে অন্তত ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে গেছে ৫০-৬০টি ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে টেকনাফের সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ এবং কুতুবদিয়া উপকূলে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ভেঙে কুতুবদিয়ার পাঁচটি, মহেশখালীর তিনটি, টেকনাফের একটি ও পেকুয়ার তিনটি ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গেছে। কক্সবাজার শহরের নাজিরারটেকসহ অন্যান্য ইউনিয়নের প্রায় ৮৪ হাজার ১৭০ জনকে ১৫৮টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রোয়ানু কক্সবাজার উপকূল অতিক্রম করলেও কক্সবাজারে ৬ নম্বর বিপৎসংকেত বলবৎ রাখা হয়েছে।
গাছপালা ও সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়ায় গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলায় বিদুৎ সরবরাহ বন্ধ ছিল।
গতকাল সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে ইয়াছির লাইফ গার্ড স্টেশন, পুলিশের পর্যবেক্ষণ টাওয়ারসহ শতাধিক দোকানপাট।
ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল জানান, সকাল ১০টা ২১ মিনিট থেকে ভাটা শুরু হলেও পানির উচ্চতা কমেনি। জোয়ারের সময় ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষয়ক্ষতি কয়েক গুণ বেড়ে যেত।
বেলা ১১টার দিকে শহরের নাজিরারটেক ও ফদনারডেইল এলাকায় গিয়ে দেখা যায়, শত শত ঘরবাড়িসহ শুঁটকি তৈরির একাধিক খামার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান জানান, নুনিয়াছটা এলাকার বেড়িবাঁধ ভেঙে দেড় হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে।