কক্সবাজারে তৈরি হচ্ছে ভেজাল চানাচুর ও আচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে ভেজাল চানাচুর ও আচার। ভেজাল চানাচুর খেয়ে পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শহরের বাসিন্দারা। অন্যদিকে ভেজাল আচার কিনে ঠকছেন পর্যটকেরা।
অনুসন্ধানে জানা গেছে, শহরের গাড়ির মাঠ, লারপাড়া, বৈদ্যঘোনা, লাইটহাউস ও বাজারঘাটায় বেশ কিছু ভোজাল চানাচুর ও আচার তৈরির কারখানা রয়েছে। এসব কারখানায় আচার তৈরি হয় মিয়ানমার থেকে আনা নিম্নমানের কুল ও স্যাকারিন মিশিয়ে। চানাচুর তৈরি করা হয় নিম্নমানের ময়দা ও পামওয়েল দিয়ে। এ ছাড়া চানাচুর মচমচে থাকার জন্য মবিল ব্যবহার করা হচ্ছে। এসব চানাচুর ও আচার সরবরাহ দেওয়া হয় বিভিন্ন দোকানে। দোকানিরা বেশি লাভের আশায় ভ্রমণে আসা পর্যটকদের নকল আচার ধরিয়ে দিচ্ছেন।
২ ডিসেম্বর পুলিশ শহরের ঝাউতলা গাড়ির মাঠের এক নম্বর গলির মুখে অভিযান চালিয়ে ভেজাল চানাচুর তৈরির দায়ে ‘বাবুল চানাচুর’ কারখানার মালিক বাবুল রুদ্রকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় উৎপাদিত দুই লাখ টাকা দামের ভেজাল চানাচুরসহ অন্যান্য পণ্য ধ্বংস করেন।
একই সঙ্গে কারখানা মালিক বাবুল ও দুই কর্মচারীকে ১০ দিনের ও জায়গার মালিক আনোয়ারাকে দুই দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আটক বাবুলের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া বড়হাতিয়া গ্রামে।
পর্যটকদের অভিযোগ, সমুদ্রসৈকতসহ শহরের বিভিন্ন দোকানে রঙিন কাগজের মোড়কে বিক্রি হচ্ছে নানা ধরনের আচার। মোড়কে আচার মিয়ানমারের (বার্মিজ) তৈরি লেখা থাকলেও আসলে এসব স্থানীয়ভাবে তৈরি। আচারের মানও খারাপ। এসব খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন। প্রতারিত হচ্ছেন অসংখ্য পর্যটক।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভেজাল চানাচুর তৈরির কারখানা বন্ধ করা হয়েছে। অন্যান্য কারখানার ব্যাপারে অনুসন্ধান চলছে।