কক্সবাজারে দিঘি ভরাট, এক্সকাভেটর জব্দ
কক্সবাজার শহরের গোলদিঘি এলাকার বঙ্গডেবা দিঘি ভরাটের কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক্সকাভেটরটি জব্দ করে।
গত ১৬ ডিসেম্বর প্রথম আলোয় ‘কক্সবাজারে চলছে শতবর্ষী দিঘি ভরাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে দিঘিটি ভরাটের খবর ছাপা হলেও ভরাটকাজ বন্ধে এত দিন কেউ এগিয়ে আসেনি।
গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় দুই একর আয়তনের এই দিঘির এক-তৃতীয়াংশ ভরাট করা হয়ে গেছে। স্থানীয় লোকজন বলেন, ভরাটের কাজে ব্যবহৃত এসব মাটি আনা হয়েছে মোহাজেরপাড়া, বৈদ্যঘোনা ও খাজা মঞ্জিল এলাকার চার-পাঁচটি পাহাড় কেটে। পাহাড় কাটার মাটি সরবরাহ করছেন পৌরসভার ঘোনারপাড়ার রবিউল আলম।
রবিউল আলম বলেন, টাকার বিনিময়ে তিনি দিঘিটি ভরাট করছেন। পাহাড় কেটে ট্রাকে করে মাটি নিয়ে আসছেন শ্রমিকেরা। পাহাড় কাটার সঙ্গে তিনি মোটেও যুক্ত নন।
চট্টগ্রামের বোয়ালখালী এলাকার শামসুল আলম নামের এক ব্যক্তি দিঘিটি ভরাট করছেন বহুতল ভবন নির্মাণের জন্য। গতকাল সকালে পরিবেশ অধিদপ্তরের লোকজন দিঘির মাটি ভরাটকাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করেন। এখন দিঘির ভরাটকাজ বন্ধ।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, শতবর্ষী দিঘিটি ভরাটের খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় দিঘির মাটি ভরাটকাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করা হয়। এর আগে একাধিক ট্রাক পালিয়ে যায়। দিঘি ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে পরিবেশ আইনে মামলা করা হবে।
সরদার শরিফুল ইসলাম বলেন, দিঘির মালিকানা নিয়ে নানা কথা উঠেছে। তাই দিঘির মালিকানাসহ সব তথ্য জানাতে স্থানীয় ভূমি অফিসে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, এক মাস আগেও ওই দিঘিতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। কিন্তু রাতে দিঘির ভরাটকাজ চলছিল বলে কাউকে আটক করা যাচ্ছিল না। তা ছাড়া পরিবেশ অধিদপ্তরের জনবল সংকট তো রয়েছেই।