কক্সবাজারে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গত মঙ্গলবার দুপুরে কয়েকজন তরুণীকে উত্ত্যক্ত করার দায়ে দুই পর্যটককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শাহাদাতপুর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের মিঠুন হাসান (২৭) ও আবু তালেব (২৮)।
পর্যটন পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে লাবণী পয়েন্টে কয়েকজন তরুণী ভ্রমণে আসেন। এ সময় স্থানটিতে থাকা মিঠুন ও তালেব ওই তরুণীদের উত্ত্যক্ত করেন। তরুণীদের একজন স্থানীয় সৈকত পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। অল্প সময়ের মধ্যেই পুলিশ ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উভয় পক্ষের জেরা শেষে দুই পর্যটককে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।
সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কক্সবাজার টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দিন রাতেই পর্যটক দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে এই সৈকতে এভাবে কাউকে সাজা দেওয়া হয়নি।