কক্সবাজারে দুই লাখ মানুষ পানিবন্দী, একজনের মৃত্যু
টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের আটটি উপজেলার দুই শতাধিক গ্রামের কমপক্ষে দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার টেকনাফে ঢলের পানিতে ভেসে গিয়ে মো. এরহান (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রক্ষ্যইম এলাকার আশরাফ জাম্মানের ছেলে।এদিকে পাহাড়ধসে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। সাম্প্রতিক জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ৯০টিরও বেশি অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ এবং মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চকরিয়া, পেকুয়া, সদর ও রামু উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নয় ঘণ্টায় জেলায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাউবো সূত্র জানায়, মঙ্গলবার বিকেল থেকে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ৬ দশমিক ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর দুই তীর উপচে বন্যার পানি প্রবেশ করে চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৪টি ইউনিয়নের ৬৫ গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে রামু ও কক্সবাজার সদর উপজেলার ২৬টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, বৃষ্টির পানিতে উপজেলার ঈদগাঁও, জালালাবাদ, গোমাতলী, পোকখালী, ইসলামাবাদ, ইসলামপুর, খুরুশকুল ইউনিয়নের ৪৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, পাউবোর ভাঙা বেড়ি বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে উপজেলার শাহপরীর দ্বীপ, পশ্চিমপাড়া, নয়াপাড়া, সাবরাং, জালিয়াপাড়া, নাজিরপাড়াসহ ৪২টি গ্রামের আট শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, কালারমারছড়া, কৈয়ারবিল, আলীআকবরডেইল, লেমশিখালীসহ কমপক্ষে ৫০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।