কক্সবাজারে দুর্গা প্রতিমা তৈরির ধুম
আগামী ২০ অক্টোবর থেকে সারা দেশে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। পূজা উপলক্ষে এক মাস আগে থেকে প্রতিমা তৈরির কারিগরেরা দম ফেলার ফুরসত পাচ্ছেন না।গতকাল শুক্রবার দুপুরে শহরের লালদীঘিপাড়ের শত বছরের পুরোনো ‘সরস্বতীবাড়ি মন্দিরে’ গিয়ে দেখা গেছে, মাটি দিয়ে তৈরি হয়েছে অসংখ্য প্রতিমা। মন্দিরের পাশে একটি ঘরে প্রতিমাগুলো সাজিয়ে রাখা হয়েছে। টেকনাফ, উখিয়া, রামু, খুরুশকুল, চকরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের লোকজন এসে প্রতিমা দেখছেন। অনেকে মন্দিরে স্থাপনের জন্য প্রতিমা পছন্দ করে কিনে রাখছেন। কারিগর বাবুল ভট্টাচার্য চার সহযোগীকে নিয়ে প্রতিমা তৈরির কাজ চালাচ্ছেন।বাবুল ভট্টাচার্য (৪৪) বলেন, দক্ষিণ চট্টগ্রামে প্রতিমা তৈরির তেমন কারিগর নেই। তাই তাঁকেই পাঁচ শতাধিক প্রতিমা তৈরি করতে হয়। কিছুদিন পর এসব প্রতিমায় রং লাগানো হবে। জেলা দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি রণজিৎ দাশ বলেন, এবার কক্সবাজার জেলার সাতটি উপজেলায় প্রায় ২৪০টি মণ্ডপে পূজা উৎসব চলবে। সব মণ্ডপের দুর্গাসহ নানা প্রতিমা বাবুল ভট্টাচার্যকেই তৈরি করতে হচ্ছে। প্রতিমা বিক্রির টাকায় বাবুল ভট্টাচার্যের সারা বছরের সংসার চলে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শহরের বাঁকখালী নদী থেকে মাটি কিনে এনে প্রতিমা তৈরি করতে হয়। তারপর কাঠ, সুতলি, ঘাস, রং, কাপড় ও মুকুট দিয়ে এক সেট প্রতিমা তৈরি করতে সময় লাগে পাঁচ দিন। প্রতি সেটে দুর্গার সঙ্গে থাকে অসুর, সিংহ ও মহিষ। থাকে গণেশ, সরস্বতী, কার্তিক ও লক্ষ্মী প্রতিমা। প্রতি সেট প্রতিমা (ছোট-বড়) তৈরি করতে খরচ হয় ১৫ থেকে ৩৫ হাজার টাকা। বিক্রি হয় ২০ থেকে ৬০ হাজার টাকায়।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রসৈকতে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।