কক্সবাজারে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্র উপকূলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রতিটি ট্রলার দেড় থেকে পাঁচ হাজার ইলিশ ধরে ঘাটে ফিরছে। গত সাত দিনে শুধু শহরের ফিসারিঘাট থেকে ২২০টি ট্রাকে করে ১৫ লাখের বেশি ইলিশ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেছেন ব্যবসায়ীরা। যার দাম প্রায় ২০ কোটি টাকা। জেলার প্রায় সাত হাজার ট্রলার সাগরে ইলিশ ধরছে।এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্যপরিষদের সভাপতি মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, দীর্ঘদিন পর জেলেরা ইলিশ ধরার সুযোগ পাচ্ছেন। প্রতিটা ট্রলার এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজারটি পর্যন্ত ইলিশ নিয়ে ঘাটে ফিরছে। প্রতিটা ইলিশের ওজন ৫০০ থেকে ৯০০ গ্রাম। পাইকারি বাজারে প্রতিটা ইলিশ বিক্রি হচ্ছে ১০০ থেকে ২১০ টাকা। সাত দিনে ব্যবসায়ীরা প্রায় ১৫ লাখ ইলিশ কিনে ২২০টি ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, যশোর, পাবনা, সিলেটসহ বিভিন্ন স্থানে সরবরাহ করেছেন। প্রতি ট্রাকে ইলিশ ধরে প্রায় সাত হাজার। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শহরের নুনিয়াছটা ফিসারিঘাট পরিদর্শন করে দেখা গেছে, অসংখ্য ট্রলার থেকে জেলেরা ইলিশ খালাস করে বিক্রি করছেন।ট্রলারমালিক নাসির উদ্দিন জানান, জলদস্যুদের উৎপাত, বৈরী পরিবেশ ও দুর্যোগের কারণে সাগর উত্তাল থাকায় কয়েক মাস জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি। এ কারণে কক্সবাজারে মাছের আকাল দেখা দেয়। গত ঈদের আগে কয়েক দিন ইলিশ ধরা পড়লে জেলেদের মধ্যে উৎসাহ দেখা দেয়। কিন্তু ইলিশ না পেয়ে অনেক জেলে হতাশ হয়ে পড়েন। অনেকে অভাব-অনটনের কারণে অনাহারে-অর্ধাহারে জীবন কাটান। সাত দিন ধরে আবার ইলিশ ধরা পড়ায় জেলেপরিবারগুলোয় আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি মোহামঞ্চদ আয়ুব জানান, সেখানেও কয়েক দিন ধরে ইলিশ ধরা পড়ছে। সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, টেকনাফ সদর, বাহারছড়াসহ জেলার বিভিন্ন স্থানের সাত হাজারের মতো ট্রলার সাগরে ইলিশ ধরছে। কম-বেশি সব ট্রলারে অন্যান্য মাছের পাশাপাশি ইলিশও ধরা পড়ছে। তবে ইলিশের আকৃতি ছোট হওয়ায় জেলেরা দাম কম পাচ্ছেন।