কক্সবাজারে নববধূর মৃত্যু নিয়ে রহস্য

বিয়ের এক মাসের মাথায় কক্সবাজারে এক নববধূর মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত হাসিনা আক্তারের (২২) স্বজনদের দাবি, যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে নিহত হাসিনার স্বামীর দাবি, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।
গত মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের স্বামীর বাড়ি থেকে হাসিনার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে কী লেখা হয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে চাননি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুলতান আহমদ সিরাজি।
কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন হাসিনা। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর বিয়ে হয়। স্বামী ইয়াসিন আরাফাত ব্যবসায়ী। কক্সবাজার শহরের নাপ্পাইঞ্জাপাড়ার মৃত আবদুল মোনাফের মেয়ে হাসিনা।
হাসিনার ছোট ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য হাসিনার ওপর অত্যাচার চালানো হতো। পাঁচ লাখ টাকার যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন হাসিনাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছে।
হাসিনার স্বামী ব্যবসায়ী ইয়াসিন আরাফাতের দাবি, ব্যবসার কাজে মঙ্গলবার সকালে বাসা থেকে বের হন তিনি। দুপুরে তাঁর কাছে খবর আসে গলায় ওড়না পেঁচিয়ে হাসিনা আত্মহত্যা করেছেন। যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পরিবারের দাবি হাসিনাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।