কক্সবাজারে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ দিবস উপলক্ষে গত মঙ্গলবার সকাল নয়টায় কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ফ্লাস মব, সংবাদ সম্মেলন ও নাটকের আয়োজন করা হয়। জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর), জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) এবং জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক) যৌথভাবে এ আয়োজন করে।
১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠা এবং এর সনদ কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বাংলাদেশের জাতিসংঘ সংস্থাগুলো দেশের সাতটি বিভাগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি বিষয়ে সাতটি পথনাটকের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে কক্সবাজার জেলাকে অনুষ্ঠান উদ্যাপনের জন্য বেছে নেওয়া হয়।
ফ্লাস মব শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের ইউএনএইচসিআরয়ের সাব-অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউএনএইচসিআরয়ের বাংলাদেশের প্রতিনিধি স্টিনা লিনডেল, ইউনেসকোর প্রোগাম অফিসার শিরিন আক্তার এবং নাইমা নারগিস, জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।
একই দিন জাতিসংঘ দিবসের মূল অনুষ্ঠান সর্বজনীন প্রাথমিক শিক্ষাবিষয়ক একটি নাটিকা মঞ্চস্থ ও রক্তদান কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্ম সচিব এবং শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক কমিশনার ফরিদ আহম্মেদ ভূইয়া। প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমীন ও অতিথি ছিলেন স্টিনা লিনডেল।
বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার নতুন চাকমা, মুহাম্মদ নূরুল ইসলাম, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মোস্তাক আহম্মেদ এবং এস এম সিরাজুল ইসলাম চৌধুরী।