কক্সবাজারে নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
কক্সবাজারে নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। কক্সবাজার নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক এবং বিকশিত নারী নেটওয়ার্ক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি শামীম আক্তার বলেন, কক্সবাজারে নারীদের সুবিচার নিশ্চিত হচ্ছে না। ৬ জানুয়ারি সদরের পিএমখালীতে রাবেয়া নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের আলামত পাওয়ার পরও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পুলিশ শুধু হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। কক্সবাজার নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রশাসনকে উদ্দেশ করে বলেন, জেলার পিএমখালী, উখিয়াসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত অপরাধ সংঘটিত হচ্ছে। অথচ এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নেই। তিনি এক সপ্তাহের মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার না করলে আন্দোলনের হুমকি দেন।সমাবেশে বক্তব্য দেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার কর্মকর্তা বেলাল উদ্দীন, কক্সবাজার সিভিল সোসাইটির সহসভাপতি আয়াছুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, কক্সবাজার নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আবদুশ শুক্কুর, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যসচিব দীপক শর্মা, মুক্তির প্রধান নির্বাহী বিমল দে, ইউপি সদস্য রাবেয়া বশরী প্রমুখ।