কক্সবাজারে নারী সমাজের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় হেফাজতে ইসলামীর নেতা শাহ আহমদ শফীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন কক্সবাজারের নারী সমাজের ব্যানারে শতাধিক নারী। গতকাল রোববার সকাল ১০টায় শহরের প্রধান সড়কের পৌরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে এই দাবি করা হয়।
নারীনেত্রী খুরশেদ আরা হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, কবি শামীম আকতার, শিক্ষিকা রাশেদা আকতার, বেসরকারি উন্নয়ন সংস্থার নাসরিন মর্জিনা, স্বপ্না মজুমদার, নিলুফা আকতার, খুরশিদা বেগম প্রমুখ।
৮২ বছরের বৃদ্ধা ও নারীনেত্রী খোরশেদ আরা হক বলেন, আহমদ শফীর বক্তব্য ধর্ম ও সংবিধানবিরোধী। তিনি ভুলে গেছেন, ‘ইসলাম ধর্মেই নারীদের সবচেয়ে বেশি মর্যাদা ও সমঞ্চান দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে অধিকারও। ইসলাম ধর্মে প্রতিটি মুসলমানের জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে। এখানে কোনো নারী-পুরুষ ভেদাভেদ করা হয়নি। বাংলাদেশের অর্থনীতির চাকাকে যাঁরা সচল রেখেছেন, সেই গার্মেন্টস শ্রমিকদের নামে কটূক্তি করে মাওলানা আহমদ শফী ধৃষ্টতা দেখিয়েছেন। মেয়েদের তেঁতুলের সঙ্গে তুলনা করে তিনি অসামাজিক ও অনৈতিক কার্যকলাপকে উসকে দিয়েছেন। তাই আমরা আজ তাঁর শাস্তির দাবি করছি।’