কক্সবাজারে নিউমোনিয়ায় ছয় দিনে ২৪ শিশুর মৃত্যু
কক্সবাজারের পাহাড়ি ও চর এলাকায় ঘরে ঘরে শিশুদের সর্দিকাশি ও জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। ঠান্ডাজনিত কারণে শিশুরা শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। গত ছয় দিনে জেলার উখিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, চকরিয়া, সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৪টি শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে তিন শতাধিক শিশু। হাসপাতালগুলোতেও রোগীদের ভিড় আশঙ্কাজনক হারে বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার সকালে হাসপাতালে আনার পথে মারা গেছে কুতুবদিয়া উপজেলার আকবরবলী গ্রামের সৈয়দ আলমের সাত মাসের ছেলে সোহেল। এর আগের দিন মারা গেছে উপজেলার লেমশিখালীর আবদুল করিমের ছেলে মনির (১১ মাস) ও মনজুর আলমের মেয়ে বেবী (দেড় বছর)। গত শুক্রবার সকালে উখিয়া হাসপাতালে আনার পথে মারা যায় উপজেলার রাজাপালং গ্রামের সলিম উল্লাহর মেয়ে আমেনা (২)। আগের দিন মারা গেছে একই উপজেলার বালুখালী গ্রামের মনির আহমদের ছেলে রুবেল (১)। অনুসন্ধানে জানা গেছে, গত ছয় দিনে জেলার উখিয়ায় চারটি, কুতুবদিয়ায় পাঁচটি, সদরে চারটি, রামুতে তিনটি, চকরিয়ায় তিনটি, পেকুয়ায় দুটি, টেকনাফে দুটি ও মহেশখালীতে একটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে তিনটি, উখিয়া ও কুতুবদিয়া হাসপাতালে একটি করে মোট পাঁচটি শিশু মারা গেছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অক্সিজেন না থাকায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, জেলা সদর হাসপাতাল ছাড়া কোনো উপজেলা হাসপাতালে শিশুদের চিকিত্সার জন্য অক্সিজেন নেই। অক্সিজেন ছাড়া নিউমোনিয়ার চিকিত্সা হয় না। এ কারণে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করাও যায় না। শনিবার বেলা ১১টায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, একটি শয্যায় নিউমোনিয়ায় আক্রান্ত চার শিশুকে রেখে একটি সিলিন্ডার থেকে বিশেষ ব্যবস্থায় (চারটি পাইপলাইন টেনে) অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আক্রান্ত অন্য সিটের শিশুরা কান্নাকাটি করছে। কর্তব্যরত সেবিকা (নার্স) শিল্পী মল্লিক জানান, মাত্র দুজন সেবিকাকে বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন এই হাসপাতালে গড়ে ৯১৫ জন রোগী বহির্বিভাগে সেবা নেয়। এর মধ্যে তিন শতাধিক শিশু। শিশুদের বেশির ভাগই পাহাড়ি অঞ্চল নাইক্ষ্যংছড়ি, রামু, উখিয়া, মহেশখালী, টেকনাফ ও সদর এলাকা থেকে আসা। শিশুরা সর্দিকাশি, জ্বর ও শ্বাসকষ্ট রোগে ভুগছে। তা ছাড়া শহরের তিনটি বেসরকারি ক্লিনিক ও সাতটি উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে তিন শতাধিক শিশু।সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, শীতের এই সময়ে জেলার দুর্গম পাহাড়ি ও চরাঞ্চলে শিশুদের নিউমোনিয়াসহ নানা রোগ দেখা দেয়। এখনো তা-ই হচ্ছে। উপজেলার যেসব হাসপাতালে অক্সিজেন নেই, সেখানে দ্রুত তা সরবরাহ করা হচ্ছে।