কক্সবাজারে নিয়ন্ত্রণহীন খুচরা বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই রমজানে বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি চিনির মূল্য নির্ধারণ করে দিয়েছে ৪৫ টাকা। কিন্তু কক্সবাজারের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৩ টাকায়। ৬২ টাকার স্থলে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। মাছ, মাংস, তরিতরকারিও প্রতি কেজিতে ১০ থেকে ৩০ টাকা বাড়িয়ে আদায় করা হচ্ছে। অথচ এসব নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।’ গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের বাহারছড়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশ গৃহবধূ জান্নাতুল ফেরদৌস এসব কথা তুলে ধরেন।
শহরের বিমানবন্দর সড়কের কালাইয়া বাজার, প্রধান সড়কের বড়বাজার, কালুর দোকান, গোলদীঘি ও টেকপাড়া বাজার ঘুরে দেখা গেছে একই অবস্থা। ব্যবসায়ীরা যে যেভাবে পারেন অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন।
গতকাল বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি লইট্যা মাছ বিক্রি হয়েছে ১২০-১৬০ টাকা, ইলিশ ৯০০ থেকে এক হাজার ৬০০ টাকা, মাংস ৩০০-৩৭০ টাকা, মুরগি (ফার্ম) ১৬০-১৭০ টাকা, বেগুন ৮০-৮৫ টাকা এবং আলু ২৭-৩৫ টাকা। হাটবাজারে পণ্য বিক্রির তালিকা টাঙিয়ে রাখার নিয়ম থাকলেও কোনো বাজারে তা চোখে পড়েনি। শহরের তারাবনিয়ার ব্যবসায়ী জাফর আলম বলেন, বৃহস্পতিবার তিনি প্রতি কেজি পেঁয়াজ ৬০, ছোলা ৭৫ এবং সয়াবিন তেল ১০৭ টাকায় কিনেছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে এখন তা আরও দুই থেকে পাঁচ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, ‘পাইকারি বাজারের চেয়ে খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বেচা-বিক্রি করছেন। আমরা চেষ্টা করছি বাজারমূল্য স্থিতিশীল রাখতে।’
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘বাজারমূল্য স্থিতিশীল রাখতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছেন। বিভিন্ন স্থানে জেল-জরিমানা করা হচ্ছে। নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রি করার জন্য দৃষ্টি আকর্ষণ করে পৌরসভা ও জেলা তথ্য অফিস শহরে মাইকিং করেছে। তার পরও কোনো ব্যবসায়ী অতিরিক্ত টাকা দাবি করলে বাজার মনিটরিং কমিটিকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।’