কক্সবাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় শামসুল হুদা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রোববার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। মৌলভি ফরিদ আলমকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হলে পরাজিত প্রার্থী মোহাম্মদ রফিকের সমর্থকেরা হামলা চালান। উভয়পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় শামসুল হুদা ঘটনাস্থলেই মারা যান। এতে অন্তত ১০জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত স্থানীয় আকতার আহমদ ও মৌলভি জুনায়েদকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামসুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকসহ সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কক্সবাজার সদর উপজেলায় বৈরী পরিবেশের কারণে স্থগিত হওয়া ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী, ইসলামপুর, চৌফলদন্ডী ও ইসলামাবাদ ইউনিয়নে নির্বাচন গত রোববার অনুষ্ঠিত হয়।