কক্সবাজারে নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি
কক্সবাজার শহরের বাহারছড়া বাজারে গেলে নজরে পড়ে অসংখ্য নারী-শিশু দাঁড়িয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি করছে। দাম এক থেকে দুই টাকা। ক্রেতারা এসব পলিথিনে ভরে মাছ, মাংস, তরিতরকারি নিয়ে যাচ্ছেন। তারপর ওই পলিথিন নিক্ষেপ করা হচ্ছে নালা-নর্দমা ও সড়কের বিভিন্ন স্থানে। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
শহরের বিমানবন্দর সড়কের কানাইয়ার বাজার, টেকনাপাড়া বাজার, বড়বাজার, কালুর দোকান, লিংক রোডসহ অন্তত ছয়টি বাজারে নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি দেখা গেছে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, বিকেল থেকে শহরের প্রধান সড়কের দুই পাশে এবং অলিগলিতে স্থাপিত পাঁচ শতাধিক দোকানে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন মুড়িয়ে। রাতের একটা সময় এসব পলিথিন নিক্ষেপ করা হয় শহরের বিভিন্ন নালা ও বাঁকখালী নদীতে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, জেলায় নিষিদ্ধ পলিথিন ব্যবসা নিয়ন্ত্রণ করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা জাকারিয়া। প্রতি মাসে তিনি অন্তত ২০ লাখ টাকার পলিথিন চট্টগ্রাম থেকে নিয়ে এসে শহরে মজুত করেন ও এখান থেকে সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে উখিয়া, টেকনাফ, মহেশখালী, রামু, চকরিয়াসহ বিভিন্ন উপজেলায় সরবরাহ দিচ্ছেন। এরপর গরিব নারী-শিশুদের মাধ্যমে হাটবাজারে বিক্রি করাচ্ছেন। ১০০ পলিথিনের পাইকারি মূল্য ৭০ থেকে ১৪০ টাকা। খুচরা বাজারে প্রতিটি পলিথিন ব্যাগ বিক্রি হয় এক থেকে দুই টাকা।
গত সোমবার বিকেলে উখিয়ার দারোগা বাজারের গিয়ে দেখা যায়, নিষিদ্ধ পলিথিন বিক্রি করছে স্থানীয় শিশু-কিশোর আশীষ, খোরশেদ, আবু সৈয়দ, সব্বির, শাহজাহান, রশিদসহ অনেকে। খোরশেদ বলে, ‘সারা দিন পলিথিন বিক্রি করে ৬০-৭০ টাকা পাই। এই টাকা না পেলে ঘরের সবাই না খেয়ে মরবে।’ আবু সৈয়দ বলে, পলিথিন বিক্রি নিষিদ্ধ, তারা জানে না। উখিয়ার কোর্টবাজার, মরিচ্যাবাজার, কুতুপালং বাজারেও একই দৃশ্য নজরে পড়ে। নিষিদ্ধ পলিথিন যত্রতত্র নিক্ষেপের কারণে জমির উর্বরতাও নষ্ট হচ্ছে।
উখিয়া থানার ওসি অংসা থোয়াই বলেন, নিষিদ্ধ পলিথিন বাণিজ্য বন্ধে প্রশাসন উদ্যোগ নিলে পুলিশ সহযোগিতা করবে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, রোজার মাসে পলিথিনের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব বন্ধের চেষ্টা চলছে।