কক্সবাজারে নিষিদ্ধ সৈকতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী সৈকতের রেজুখালসংলগ্ন সৈকতে গোসলে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার দুই বোন অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া স্কুলছাত্রের নাম রেদুয়ান আহম্মদ (১৪)। তার বাড়ি খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকায়। খুলনার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল সে। পুলিশ জানিয়েছে, ওই সৈকতে পর্যটকদের গোসলে নামা নিষিদ্ধ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতিক উল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসে রেদুয়ান। আজ সকাল সোয়া ১০টার দিকে বড় বোন সায়মা তাসনিম ও খালাতো বোন সুমাইয়া ইসলামের সঙ্গে রেজুখাল সৈকতে গোসলে নামে সে। তখন ভাটা চলছিল। গোসলে নামার কিছুক্ষণ পর স্রোতের টানে ভেসে যাওয়ার উপক্রম হয় তিনজনের। একপর্যায়ে সাঁতরে তীরে পৌঁছায় সুমাইয়া। পরে সায়মাকেও উদ্ধার করা হয়। কিন্তু রেদুয়ানকে উদ্ধার করা যায়নি। পরে বিকেল চারটার দিকে পুলিশ রেদুয়ানের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, কেউ ডুবে গেলে তাকে উদ্ধার করার মতো ডুবুরি কিংবা উদ্ধারকর্মী ওই সৈকতে নেই। নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় সৈকতটিতে গোসল করা নিষিদ্ধ। এ ঘটনায় রামু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।