কক্সবাজারে পাহাড়ধস ও বন্যার পানিতে ভেসে নিহত ২০ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে অর্থসহায়তা দিচ্ছে জেলা প্রশাসন।
গত ২৭ জুন সন্ধ্যায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও বন্যার পানিতে ভেসে নিহত সাতজনের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে অনুদান তুলে দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমদ, রামুর ইউএনও মো. মাসুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল করিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম নুরুচ্ছাফা, ইউপির সদস্য আনারকলি প্রমুখ।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনুপম সাহা বলেন, একই সময় পাহাড়ধস, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার পানিতে ভেসে নিহত টেকনাফের চারজন, কক্সবাজার শহরের একজন, চকরিয়ার সাত ও পেকুয়ার একজনকে এই অর্থসহায়তা দেওয়া হবে।