কক্সবাজারে ন্যাশনাল পার্ক বাস্তবায়নে তিন বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার (উত্তর) বন বিভাগের আওতায় চকরিয়ার ফুলছড়ি রেঞ্জের আওতায় মেধাকচ্ছপিয়ায় ১১ বছরেও ‘ন্যাশনাল পার্ক’ বাস্তবায়ন হয়নি। ২০০৪ সালে পার্ক ঘোষণা করা হলেও তা গড়ে তুলতে তিনটি প্রধান বাধা বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, তিনটি অন্যতম প্রধান কারণে বিশাল এই গর্জন বনটিকে ১১ বছরেও ‘ন্যাশনাল পার্কে’ উন্নয়ন করা যাচ্ছে না। কারণগুলো হলো, পার্কের ভেতরে অবৈধ বসতি, বন বিভাগের কম জনবল এবং পার্কের চতুর্দিকে সীমানাপ্রাচীর না থাকা। সম্প্রতি সরেজমিন পার্ক ঘুরে দেখা গেছে, শতবর্ষী গর্জন গাছে ভরা এই ন্যাশনাল পার্কের চতুর্দিকে কোনো সীমানাপ্রাচীর নেই। সংরক্ষিত বন হলেও লোকজন রাত-দিন বনের ভেতর দিয়ে চলাফেরা করছেন। বনের ভেতর দিয়ে একাধিক পাকা সড়ক ও রাস্তা তৈরি করা হয়েছে। এ কারণে বনকর্মীরা নিয়ন্ত্রণ নিতে পারছেন না। গর্জনতলী গ্রামের বাসিন্দা শহর আলী (৫৫) জানান, ‘তিনি ২০ বছরের বেশি সময় ধরে এখানে বসতি করছেন। দক্ষিণ মেধাকচ্ছপিয়া গ্রামের বাসিন্দা সোনা আলী (৪২) বলেন, এই পার্কের ভেতরে এখন ২০ হাজারের মতো মানুষ বাস করছে। পুনর্বাসনে বিকল্প ব্যবস্থা না করে এখান থেকে কাউকে উচ্ছেদ করা সহজ নয়। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, পার্কের (বনের) যত্রতত্রে গড়ে উঠছে অবৈধ বসতবাড়ি। এ কারণে গাছ চুরির ঘটনাও বাড়ছে। পার্ক করতে হলে সবার আগে দখলদারদের উচ্ছেদ করতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এক হাজার একরের ন্যাশনাল পার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন মাত্র চারজন বনকর্মী। এর মধ্যে সংশ্লিষ্ট বিট কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সহকারী বিট কর্মকর্তা আবদুল মান্নান। এত বড় বনের গাছ চুরি ঠেকাতে পাহারা দিচ্ছেন মাত্র দুজন বনপ্রহরী। আছেন একজন বনমালি ও আরেকজন বোটম্যান (নৌচালক)। বনপ্রহরী তপন কুমার দে বলেন, দুই-তিনজন বনপ্রহরীর পক্ষে এসব নিয়ন্ত্রণ করা কঠিন। এই বন পাহারার জন্য কমপক্ষে ১০০ বনরক্ষী প্রয়োজন। বনবিট কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এই পার্কের ভেতরে বাঘডাসা, শিয়াল, বানর, খরগোশ, বন্য শূকর, হাতি, অজগর, কাঠবিড়ালি, বেজি, গুইসাপ, টিয়া, ময়না, ঘুঘু, দোয়েলসহ অসংখ্য প্রাণীর বিচরণ রয়েছে। কিন্তু লোক চলাচলের কারণে বহু প্রাণী বিলুপ্ত হচ্ছে। ফুলছড়ি বন রেঞ্জ কর্মকর্তা ভূপেষ চন্দ্র মুখার্জি বলেন, ‘ন্যাশনাল পার্কের উন্নয়ন করতে হলে আগে অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করতে হবে। কিন্তু রাজনৈতিক দলের নেতাদের কারণে ঘরবাড়ি উচ্ছেদ করতে পারছি না। এখন সব বসতবাড়ি নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে আসার পরিকল্পনা চলছে।’ তিনি বলেন, ন্যাশনাল পার্কের আওতায় বনের ভেতরে ভ্রমণে আসা পর্যটকদের জন্য পিকনিট স্পট, বন্য প্রাণী ও পাখি দেখার জন্য একাধিক পর্যবেক্ষণ টাওয়ার, সিনেমা ও নাটকের শ্যুটিং স্পট, লেক, আধুনিকমানের কটেজ-বাংলো, রেস্তোরাঁ, জলাধার তৈরি করা গেলে বছরে কোটি টাকার রাজস্ব আয় সম্ভব।