কক্সবাজারে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে আলাদা কর্তৃপক্ষ
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে একটি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৫ নামে এই আইনের অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, একটি পর্যটন নগরী হিসেবে কক্সবাজারের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এর উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে তা আকর্ষণীয় হতে পারছে না।
এ অবস্থা থেকে উত্তরণে আইনের মাধ্যমে একটি কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
একটি পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তোলার জন্য সমীক্ষা, জরিপ, মাস্টার প্ল্যান এবং নগর পরিকল্পনা তৈরি করবে এই কর্তৃপক্ষ। এর সদস্য হবে ১৫ জন। এদের চারজন হবেন পূর্ণকালীন আর ১১ জন খণ্ডকালীন। নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান।
এ ছাড়া আজ মন্ত্রিসভায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫ অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।