কক্সবাজারে পর্যটক টানতে পাঁচ সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যেও পর্যটন শহর কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য চাঙা রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক যৌথ সভায় এসব উদ্যোগের কথা জানানো হয়।
সভায় আপৎকালীন সময় পর্যন্ত পাঁচটি সুপারিশ দ্রুত কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। সুপারিশগুলো হলো: ঢাকা-কক্সবাজার সড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহনের নিরাপত্তা, এই পথে বাংলাদেশ বিমান সার্ভিস চালু, অন্যান্য বিমানের ভাড়া কমিয়ে তিন হাজারে নির্ধারণ, কক্সবাজারের হোটেল -মোটেলের ভাড়া অর্ধেকে নামিয়ে আনা এবং সৈকতসহ হোটেল-মোটেলে বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বলেন, পর্যটননগর কক্সবাজারকে সুরক্ষিত ও গতিশীল রাখতে এই সভার আয়োজন। মানুষের মন থেকে নিরাপত্তাভীতি দূর করা গেলে কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য চাঙা হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যটকদের ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় আসা-যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। হোটেল ও পরিবহনমালিকদেরও ছাড় দিতে হবে।
বৈঠকে কক্সবাজার বাস-মিনিবাস মালিক সমিতির পরিচালক রণজিত দাশ বলেন, ‘হরতাল-অবরোধে আমরা গাড়ি চালাতে রাজি। কিন্তু ভাঙচুর হলে ক্ষতিপূরণ দিতে হবে। গত আট দিনের অবরোধে ১০টির বেশি গাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যায়নি।’
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আয়াছুর রহমান বলেন, কম টাকায় হোটেলে থাকা-খাওয়া এবং নিরাপদে ঘুরে বেড়ানোর নিশ্চয়তা পেলে পর্যটকেরা দলে দলে কক্সবাজার আসবেন। এ জন্য কক্সবাজার পর্যন্ত বাংলাদেশ বিমানের সার্ভিস আবার চালুর পাশাপাশি বেসরকারি অন্যান্য বিমানের ভাড়া কমিয়ে তিন থেকে চার হাজারে আনা জরুরি। বর্তমানে আদায় হচ্ছে ৫ থেকে ১১ হাজার টাকা।
হোটেলমালিক আবু তাহের বলেন, হোটেলভাড়া ৯০ শতাংশ ছাড় দিলেও পর্যটকেরা কক্সবাজার আসতে চাইবেন না, যতক্ষণ সড়কপথে নিরাপত্তা নিশ্চিত না হয়।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, অবরোধের প্রথম দিন থেকে বিজিবি আর পুলিশি নিরাপত্তায় মহাসড়কে যান চলছে। গত আট দিনে কক্সবাজার থেকে ৩০৬টি যাত্রীবাহী বাস ঢাকায় গেলেও ঢাকা থেকে আসে মাত্র ৪৩টি। এখন এই সংখ্যাটি বাড়াতে হবে।
পর্যটকদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন টুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি এস এম কিবরিয়া বলেন, পর্যটকের বিনোদনসেবা নিশ্চিত করতে সৈকতসহ বিভিন্ন তারকা হোটেলে উৎসব আয়োজন বাড়াতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতাও দরকার।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, অতিরিক্ত জেলা হাকিম জাফর আলম, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, পর্যটক না থাকায় তিন শতাধিক হোটেল-মোটেল বন্ধ। তিন লাখের বেশি মানুষ বেকার। তাই কক্সবাজারকে চাঙা করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগ। বিজিবি, র্যাব ও পুলিশের প্রহরায় সড়ক, মহাসড়কে যাত্রীবাহী বাস চালানোর পাশাপাশি পর্যটকের সেবা নিশ্চিত করতে বিমান ও হোটেলভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে।