কক্সবাজারে পর্যটকদের ফুল দিয়ে বৈশাখী শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণে আসা পর্যটকদের গোলাপ ফুল উপহার দিয়ে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা। সঙ্গে সমিতির আওতাভুক্ত ১২০টি কটেজের কর্মকর্তা-কর্মচারীদের করানো হয় পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টিমুখ।
সমিতির সভাপতি কাজী রাসেল আহমদ জানান, বিশ্বের দীর্ঘতম এই সৈকতে প্রতিবছর ১৫ লাখের বেশি পর্যটক ভ্রমণে আসেন। পর্যটকদের থাকার জন্য সৈকত এলাকা ও শহরে চার শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউস আছে। কিন্তু অধিকাংশ হোটেলে পর্যটকদের সমাদর করা হয় না। উল্টো গলা কাটা ব্যবসা চলে।
তিনি বলেন, ‘পর্যটকেরা আমাদের অতিথি। এই বৈশাখে পর্যটকদের সম্মান জানাতে আমরা প্রথমবারের মতো গোলাপ ফুল উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গোলাপ দিয়ে পর্যটকদের বৈশাখের শুভেচ্ছা জানিয়েছি। ফুল পেয়ে পর্যটকেরা খুশি হয়েছেন।’
সমিতির নেতারা জানান, পয়লা বৈশাখ সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে তিন শতাধিক পর্যটককে শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি নুরুল হুদা, মো. আরিফ, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল, অর্থ সম্পাদক আশরাফ উল্লাহ প্রমুখ।