কক্সবাজারে পর্যটকদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের টানা কয়েক দিনের ছুটি কাটাতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন দলে দলে সৈকতে সমবেত হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পর্যটক কোমর-সমান পানিতে নেমে গোসল, বালুচরে দৌড়ঝাঁপ আর পায়চারী করে সময় পার করছে। কমপক্ষে সাত দিন পর্যটকদের এই ভিড় লেগে থাকবে বলে হোটেল মালিকদের ধারণা।কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, শহরের আড়াই শতাধিক হোটেল মোটেল কটেজের কোনোটিতে এখন কক্ষ বা সিট খালি নেই। তাই অগ্রিম হোটেল ভাড়া না নিয়ে কাউকে ভ্রমণে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের ১১৭টি হোটেল, ৬২টি গেস্টহাউসসহ আড়াই শতাধিক কটেজ-বাংলোতে দৈনিক প্রায় ৭০ হাজার পর্যটকের রাতযাপনের ব্যবস্থা রয়েছে। এর বাইরে অতিরিক্ত পর্যটক ভ্রমণে এসে কক্ষ ভাড়া না পেয়ে বিপাকে পড়ে। অনেকে বাধ্য হয়ে পাশের উপজেলা সদরের হোটেলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। সৈকতের লাবণী পয়েন্টে গতকাল সোমবার বেলা ১১টায় দেখা গেছে, পর্যটকে পুরো সৈকত ভরে গেছে। সাগরে ডুব দিয়ে, সাঁতার কেটে, হ্যান্ডবল খেলে তারা আনন্দ-উৎসবে মেতে ওঠে। অনেকে গোসল শেষে হিমছড়ি ঝরনা স্পট, দরিয়ানগর, পাথুরে সৈকত ইনানী, সৈকতপাড়ের ঝিনুক মার্কেট ও বার্মিজ মার্কেট ঘুরে দেখছে। ঢাকার কমলাপুর থেকে ভ্রমণে আসা পর্যটক হাসিবুল হাসান (৪৫) বলেন, ‘সাত বছর আগে প্রথম কক্সবাজার এসেছিলাম। দ্বিতীয়বার এলাম। সৈকতে এত মানুষের সমাগম ঘটবে কল্পনাও করিনি। উল্লেখযোগ্য হারে হোটেল-মোটেল নির্মাণ করা হলেও ভাড়াও অতিরিক্ত হারে আদায় করা হচ্ছে।’কয়েকজন পর্যটক অভিযোগ করেন, সিট-সংকটের অজুহাত তুলে তাঁদের কাছ থেকে অতিরিক্ত কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হয়েছে। ৫০০ টাকার একটি কক্ষের ভাড়া আদায় করা হয়েছে দেড়-দুই হাজার টাকা।১৫ হাজারের বেশি রিকশা, আড়াই হাজারের বেশি ব্যাটারিচালিত টমটম ও ট্যাক্সি এবং পর্যটকদের সঙ্গে আনা কয়েক হাজার গাড়ির ভিড়ে শহরের প্রধান সড়কে যানজট লেগে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রসৈকতসহ ২০টির বেশি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেল নিয়ে পুলিশের আরও ১০টি দলকে টহলে রাখা হয়েছে। অতিরিক্ত হোটেল ভাড়া আদায় প্রসঙ্গে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত হোটেল ভাড়া আদায় করা হচ্ছে কি না, দেখার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ দল মাঠে নামানো হয়েছে। অভিযোগ সত্য পাওয়া গেলে হোটেল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাউয়াছড়া উদ্যান ও মাধবপুর হ্রদকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর হ্রদে শুক্রবার থেকেই পর্যটকদের ভিড় বেড়ে যায়। কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগান হ্রদে প্রচুর পর্যটকের আগমন ঘটে। মাধবপুর হ্রদ এলাকা ঘুরে দেখা যায়, সেখানে চা-বাগানের টিলার ওপর একটি টিনশেড টয়লেট ও হ্রদের পাড়ে একটি ছাউনি ছাড়া পর্যটকদের সেবাদানে তেমন কোনো ব্যবস্থা নেই।মাধবকুণ্ড জলপ্রপাত জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। তবে জলপ্রপাতে প্রবেশে প্রায় আট কিলোমিটার পাকা সড়কটি সরু থাকায় যানজট এবং খানাখন্দের কারণে কাদাজলে ভিজে পর্যটকেরা দুর্ভোগে পড়ে। পর্যটকদের আরও অভিযোগ, পর্যাপ্ত সুবিধাসহ সেখানে বিশ্রাম ও রাতযাপনের কোনো ব্যবস্থা নেই।চট্টগ্রামের আন্দরকিল্লার তিন বন্ধু সুজন, অভি ও সোহাগ জানান, জলপ্রপাতের কাছে যত্রতত্র পানির বোতল ও পলিথিনের প্যাকেট ফেলে রাখায় পরিবেশ নোংরা হয়ে উঠেছে। চূড়ায় ওঠা ও নিচে বিপজ্জনক এলাকায় সাঁতার কাটা নিষেধ থাকলেও অনেকেই সেটা মানছে না। দায়িত্বরত পর্যটক-সহায়ক পুলিশের কনস্টেবল শাহজাহান মিয়া বলেন, জলপ্রপাতের চূড়ায় ও বিপজ্জনক এলাকায় না যেতে সতর্কীকরণ সাইনবোর্ড টানানো আছে। অনেককে ডেকে বারণ করাও হয়। কিন্তু কথা না শুনলে করার কী আছে।পদচারণে মুখরিত সুন্দরবনমংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, প্রাকৃতিক সপ্তাশ্চর্যে স্থান করে নেওয়া সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে ঈদের দিন থেকে অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসছে। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা ও ভিড় সামলাতে বনপ্রহরীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সামুদ্রিক বন্দর মংলা ও সংলগ্ন সুন্দরবন এলাকা পর্যটকদের কোলাহলে এক ভিন্ন আমেজের সৃষ্টি করেছে।করমজল পর্যটন স্পটের দায়িত্বে থাকা ডেপুটি রেঞ্জার আ. রব জানান, প্রতিদিনই কয়েক হাজার পর্যটক করমজল ভ্রমণে আসছে।