কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। ঈদের পরদিন থেকে দেশের বিভিন্ন স্থানের পর্যটকেরা দলে দলে এখানে ছুটে আসছেন। ঘুরে বেড়াচ্ছেন প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, পাথুরে সৈকত ইনানী, ঝরনা স্পট হিমছড়ি, হরেক রকমের প্রাণিকুলে ভরপুর ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক, রাজকাঁকড়ার স্বর্গপুরী সোনাদিয়া দ্বীপসহ বিভিন্ন দর্শনীয় স্থান।কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, গতকাল শুক্রবার কক্সবাজারে অন্তত ৭০ হাজার পর্যটক ছিলেন। গত দুই দিনে ভ্রমণ করেছেন লক্ষাধিক পর্যটক। সৈকতে ভ্রমণ, সমুদ্রস্নান করে আর পাহাড়ি ঝরনা দেখে পর্যটকেরা ঈদের ছুটি কাটাচ্ছেন। আরও কয়েক দিন এই ভিড় থাকবে। পর্যটকের উপচে পড়া ভিড়ের কারণে শহর ও সৈকতের আড়াই শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউসের সিট খালি নেই।গতকাল সকাল সাড়ে নয়টায় সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, কয়েক হাজার পর্যটক সমুদ্রে নেমে গোসল করছেন। ঢাকার সিদ্ধেশ্বরী থেকে আসা কলেজছাত্রী আসমাউল হুসনা বলেন, ‘সকাল সাড়ে আটটায় বাস থেকে নেমে হোটেলে গেলাম। ১০ কি ১৫ মিনিট ছিলাম। তারপর সোজা চলে এলাম সৈকতে। সাগরের গর্জন শুনে আর কোমরসমান পানিতে নেমে গোসল করে খুব মজা পাচ্ছি।’কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্র আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে ১০ বন্ধু মিলে এবার ঈদের ছুটি কাটাতে কক্সবাজার আসেন। টেকনাফ ও সেন্ট মার্টিনে আরও দুদিন কাটিয়ে তারপর বাড়ি ফিরবেন।কয়েকজন পর্যটক অভিযোগ করেন, বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতির সুযোগে কিছু হোটেল ও গেস্টহাউসের মালিক কক্ষভাড়া দুই থেকে তিন গুণ বাড়িয়ে আদায় করছেন।কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।আমাদের টেকনাফ প্রতিনিধি জানান, ঈদের টানা পাঁচ দিনের ছুটি কাটাতে সেখানেও (সেন্ট মার্টিন) পর্যটকের ঢল নেমেছে। জাহাজের টিকিট না পেয়ে শত শত পর্যটক ঝুঁকি নিয়ে ট্রলারে করে টেকনাফ থেকে নৌপথে সেন্ট মার্টিন যাতায়াত করছেন। হোটেলে থাকার জায়গা না পেয়ে অনেকে সৈকতে পায়চারি করে রাত কাটাচ্ছেন। দ্বীপের ১৩টি হোটেলসহ অর্ধশতাধিক কটেজ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গেছে।সেন্ট মার্টিনের হোটেল ও কটেজ ব্যবসায়ী মো. তোফায়েল, মনির আহমদ ও ছিদ্দিকুর রহমান জানান, গত বছর এ সময়ে টেকনাফ থেকে সাতটি জাহাজ পর্যটকদের পারাপার করলেও এবার মাত্র তিনটি জাহাজ চালু রয়েছে। ঈদের পরদিন থেকে দৈনিক পাঁচ-সাত হাজার পর্যটকের সমাগম হচ্ছে এখানে।