শুঁটকির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজারে এখন ‘জাহাজি শুঁটকি’ বিক্রি হচ্ছে। এর দামও তুলনামূলকভাবে অনেক বেশি। স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা জানান, সাগরে মাছের আকালের কারণে শুঁটকি করা যাচ্ছে না। বাধ্য হয়ে জাহাজ থেকে মাছ কিনে শুঁটকি করতে হচ্ছে। এ কারণেই দাম বেড়ে গেছে।নাজিরারটেক এলাকার মোজাম্মেল শুঁটকি খামারের মালিক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাগরে এখন মরাকাটাল চলছে। এ সময় মাছ পাওয়া যায় না। তাই খামারে কাজ বন্ধ আছে।’কিছুদিন আগেও কক্সবাজারে ছুরি (বড়) শুঁটকির দাম ছিল কেজিপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। একই ভাবে অন্য শুঁটকির দামও বেড়েছে। কক্সবাজারে বেড়াতে আসা বিপুলসংখ্যক পর্যটকের শুঁটকির চাহিদা মেটাচ্ছে এখন গভীর সাগরে মাছধরা জাহাজগুলো। শহরের কিছু ব্যবসায়ী উপকূল থেকে ১০০ থেকে ২০০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে গিয়ে জাহাজ থেকে মাছ কিনে শুঁটকি করে তা বাজারে বিক্রি করছেন। এসব শুঁটকি স্থানীয়ভাবে ‘জাহাজি শুঁটকি’ নামে পরিচিত। গতকাল বৃহস্পতিবার শহরের শুঁটকি উৎপাদনের প্রধান কেন্দ্র নাজিরারটেক ও ফদনারডেইল উপকূল ঘুরে দেখা গেছে, কয়েক শ একর এলাকাজুড়ে গড়ে তোলা চার শতাধিক শুঁটকির খামার ফাঁকা পড়ে আছে। হাতেগোনা কয়েকটি খামারে অল্প কয়েকজন শ্রমিক শুঁটকি তৈরি করছেন। শুঁটকি তৈরির কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, শুঁটকির জন্য মাছ ধরে প্রায় তিন হাজার ট্রলার। ওই ট্রলারগুলো উপকূলের ১০ থেকে ২০ কিলোমিটার দূরে যায় না। কিন্তু মাছ না পাওয়ায় বেশির ভাগ খামারে এক সপ্তাহ ধরে কাজ বন্ধ আছে।শুঁটকি খামারের মালিকেরা জানান, কক্সবাজার উপকূলীয় এলাকায় চার শতাধিক খামার রয়েছে। এসব খামারে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু উৎপাদন বন্ধ থাকায় তাঁরা বেকার হয়ে পড়েছেন। শুঁটকি খামারের মালিকেরা আরও জানান, চার-পাঁচদিন পর সাগরে ভরাকাটাল শুরু হলে আবার শুঁটকি উৎপাদনে ধুম পড়বে। তখন জেলে ও শ্রমিকের অভাব দূর হবে।এদিকে মাছ না পাওয়ায় প্রতিদিনই সাগর থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। এতে অলস সময় কাটাচ্ছেন প্রায় ৩০ হাজার জেলে। নাজিরারটেক এলাকার ব্যবসায়ী এম জাকারিয়া ও আলমগীর জানান, দেড় শ কিলোমিটার দূরে সাগরে গিয়ে জাহাজ থেকে শুঁটকির মাছ কিনে আনতে হচ্ছে। এ কারণে শুঁটকির দাম বেশি পড়ছে।এক প্রশ্নের জবাবে শুঁটকি ব্যবসায়ীরা জানান, জাহাজ থেকে কেনা প্রতি কেজি ছুরি (বড়) মাছের দাম পড়েছে ১০০ টাকা, ছুরি (ছোট) ৪০ ও লইট্যা ২০ টাকা। এই মাছ শুঁটকি করার পর বিক্রি হচ্ছে ছুরি (বড়) ৭০০-৮০০ টাকা, ছুরি (ছোট) ৩০০-৪৫০ টাকা, লইট্যা ৪০০-৪৫০ টাকায়।