কক্সবাজারে পর্যটকের ঢল, ঠাঁই মিলছে না হোটেলে!

তিন দিনের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। হোটেল-মোটেলগুলোতে ঠাঁই মিলছে না। আজ শনিবার সৈকতে সমবেত হন প্রায় দুই লাখ পর্যটক। কাল রোববার এ সংখ্যা আরও বাড়তে পারে। ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের ৪৫০টির বেশি হোটেল, মোটেল ও কটেজের সব কক্ষই অগ্রিম বুকিং হয়ে গেছে।
কক্ষ ভাড়া না পেয়ে অনেক পর্যটক সমুদ্রসৈকত ও সড়কে পায়চারি করে সময় পার করছেন কেউ কেউ। শনিবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে দেখা যায়, ১০ থেকে ১৫ হাজার পর্যটক সৈকতে নেমে গোসল করছেন। আরও কয়েক হাজার বালুচরে দৌড়ঝাঁপে ব্যস্ত। কেউ দ্রুতগতির জেডস্কি ও স্পিডবোট নিয়ে নীলজলের বিশাল সমুদ্রে পাড়ি জমাচ্ছেন। আবার কেউ মুগ্ধ হচ্ছেন ছেলেমেয়েদের ঢেউয়ের তালে সার্ফিং দেখে। এ ছাড়া পর্যটকদের বিনোদনের জন্য সৈকতে বিচ বাইক, প্যারাসেইলিং, শিল্প ও বাণিজ্য মেলাসহ নানা আয়োজন তো আছেই।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ২২ ডিসেম্বর থেকে পর্যটকের আগমন শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইট উদ্যাপন এবং এরপর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবে যোগ দিতে অন্তত ১০ লাখ পর্যটকের সমাগম ঘটবে। পর্যটকদের ঘিরে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনিক ব্যবসা হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। বছরের শেষ ১০ দিনে শত কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, দেশি-বিদেশি পর্যটক ধরে রাখতে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে চলবে তিন দিনব্যাপী ‘বিচ কার্নিভ্যাল’। বাংলাদেশ পর্যটন করপোরেশন এই কার্নিভ্যালের আয়োজক। কার্নিভ্যালে বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি ফুড ফেস্টিভ্যাল, ট্যুরিজম ফেয়ার, কিডস এন্টারটেইনমেন্ট, লেজার শো, ফায়ার ওয়ার্ক, ফানুস ওড়ানো ও ঘুড়ি উৎসব থাকবে।
সৈকতে উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা ‘ইয়াছির লাইফ গার্ড স্টেশনের’ পরিচালক মোস্তফা কামাল বলেন, গতকাল শুক্রবার সৈকতের চার-পাঁচ কিলোমিটার এলাকায় সমবেত হয়েছিলেন প্রায় আড়াই লাখ পর্যটক। বিপুলসংখ্যক পর্যটক সামাল দিতে ২০ জন উদ্ধারকর্মীকে হিমশিম খেতে হয়েছে। আজ শনিবারও একই অবস্থা।
লাবণী পয়েন্ট সৈকতের পাশেই হোটেল কল্লোল, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল, সি ওয়ার্ল্ড, অভিসার, দ্য কক্স টুডে, সি গার্ল, প্রাসাদ প্যারাডাইস, ওশ্যান প্যারাডাইস, সায়মান বিচ রিসোর্ট, লং বিচ, সি প্যালেসসহ ১৬টি তারকা মানের হোটেলের সংগঠন ‘কক্সবাজার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের’ সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন বলেন, গতকাল শুক্রবার এই ১৬টি হোটেলে রাতযাপন করেন প্রায় ছয় হাজার পর্যটক। কক্ষ না পেয়ে বহু পর্যটক ফিরে গেছেন। ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এসব হোটেলের সব কক্ষই অগ্রিম বুকিং হয়ে গেছে।
কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ বলেন, ১ জানুয়ারি পর্যন্ত সৈকতের আশপাশের ২২০টি কটেজের কোনোটিই খালি নেই। শনিবার কটেজে থেকেছেন প্রায় ১২ হাজার পর্যটক।
হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান বলেন, শহরের ৪৫৩টি হোটেল মোটেল কটেজে দৈনিক থাকতে পারেন ৯৭ হাজারের মতো পর্যটক। এর অতিরিক্ত পর্যটক এলে হোটেলে গাদাগাদি করে রাখতে হয়। এরপরও অনেকে কক্ষ ভাড়া না পেয়ে বিপদে পড়েন। বিশেষ করে নারী ও শিশুদের চরম দুর্ভোগে পড়তে হয়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত দুই দিনে প্রায় তিন লাখ পর্যটক সৈকতে নামেন। বিপুলসংখ্যক পর্যটককে সামাল দিতে ১২৩ জন ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত আছে। এ সময় ভিড়ে হারিয়ে যাওয়া ২০ শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। কয়েকজন ছিনতাইকারীকেও আটক করা হয়েছে বলে জানান তিনি।
অনেক পর্যটক কক্সবাজার থেকে মহেশখালী, সেন্ট মার্টিন, টেকনাফ, রামু, চকরিয়াসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে যাচ্ছেন। টেকনাফ থানার ওসি আবদুল মজিদ বলেন, থানা আঙিনায় স্থাপিত ঐতিহাসিক প্রেমকাহিনির ‘মাথিন কূপ’ দেখতে আসছেন হাজারো পর্যটক। সেখান থেকে তাঁরা ছুটছেন নাফ নদীর মিয়ানমার সীমান্ত হয়ে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের চেয়ারম্যান নুর আহমদ বলেন, চারটি প্রমোদতরি (জাহাজ) ও ৩০টির বেশি ট্রলার নিয়ে প্রতিদিন অন্তত ১২ হাজার পর্যটক সমুদ্র পাড়ি দিয়ে প্রবাল দ্বীপে আসছেন। সেখানকার ১২২টি হোটেল, মোটেল ও কটেজও ১ জানুয়ারি পর্যন্ত বুকিং হয়ে গেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি হয়রানি রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছে। অতিরিক্ত কক্ষ ভাড়া আদায়ের প্রমাণ পেলে হোটেল–মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।