কক্সবাজারে পাঁচ কিমি বেড়িবাঁধ বিলীন, ক্ষতিগ্রস্ত ৩৮ কিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে কক্সবাজারের বিভিন্ন স্থানে ৩৮ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচ কিলোমিটার বাঁধ বিলীন হয়ে গেছে।বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে দেড় শতাধিক গ্রাম প্লাবিত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ।সরেজমিনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার ফদনারডেইল গ্রামে দেখা যায়, জলোচ্ছ্বাসে প্লাবিত ঘরবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে। বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া লোকজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে।স্থানীয় পৌরসভার কাউন্সিলর আকতার কামাল জানান, পাঁচ দিন আগে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ফদনারডেইল, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, উত্তর নুনিয়াছটা, নাজিরারটেকসহ আটটি গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গত সোমবার থেকে পানি নেমে যাওয়া শুরু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। স্থানীয় লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছে।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, তাঁর এলাকার আলী আকবরডেইল, তাবলেরচর, কৈয়ারবিল, লেমশিখালী, উত্তর ধুরুং, নয়াপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি সরে গেলেও ১৭ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব এলাকার লোকজন চরম আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া ও শাহ পরীর দ্বীপ, মহেশখালী উপজেলার ধলঘাটা ও মাতারবাড়ী, চকরিয়া উপজেলার কাঁকারা, বরইতলী, ফাঁসিয়াখালী, ডুলাহাজারাসহ প্রায় শতাধিক গ্রাম থেকে পানি নেমে যাচ্ছে। তবে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় দিনে ও রাতে জোয়ারের পানি ঢুকে এসব এলাকা প্লাবিত হচ্ছে। পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম শহিদুল ইসলাম চৌধুরী জানান, জোয়ারের তোড়ে স্থানীয় ফুয়াদটেক এলাকায় কয়েকটি অংশে বেড়িবাঁধ বিলীন হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানান, জলোচ্ছ্বাসে জেলায় প্রায় ৩৮ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৪১টি অংশে মোট প্রায় পাঁচ কিলোমিটার বাঁধ বিলীন হয়েছে। আর ১৯টি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৩ কিলোমিটার বাঁধ। তিনি জানান, আগামী আগস্ট ও সেপ্টেম্বরে এসব বাঁধের ভাঙা অংশ মেরামত করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় আইলার আঘাতে জেলায় প্রায় ১৩৪ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। তা সংস্কারে ৬৬ কোটি ২৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ চেয়ে একটি চাহিদা প্রকল্প পাঠানো হয়। কিন্তু ওই প্রকল্পের বিপরীতে এ পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। ফলে ওই ১৩৪ কিলোমিটারের ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হচ্ছে।