কক্সবাজারে পাঁচ হাজার রোগীকে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা আওয়ামী লীগের উদ্যেগে কক্সবাজার শহরের পাবলিক হলে গতকাল দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিকেলে তোলা ছবি l প্রথম আলো
জেলা আওয়ামী লীগের উদ্যেগে কক্সবাজার শহরের পাবলিক হলে গতকাল দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিকেলে তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজার শহরের শহীদ দৌলত মাঠে গতকাল শুক্রবার প্রায় পাঁচ হাজার গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে জেলা আওয়ামী লীগ। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কক্সবাজার জেলা শাখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

গতকাল বেলা ১১টায় চিকিৎসা শিবির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজিবুল ইসলাম, বিএমএ জেলা শাখার সভাপতি পু চ নু ও স্বাচিপের জেলা সভাপতি মাহাবুবুর রহমান।

 জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। জেলার টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়াসহ আটটি উপজেলার পাঁচ হাজার দরিদ্র মানুষকে সেবা দেওয়া হয়েছে।

 দিনব্যাপী আয়োজিত এ শিবিরে কক্সবাজার মেডিকেল কলেজ ও কক্সবাজার সদর হাসপাতালের ৫৬ জন বিশেষজ্ঞ এবং শতাধিক ইন্টার্ন চিকিৎসক রোগীদের সেবা দেন। রোগীদের মাঝে ১৫ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই কর্মসূচি।

গতকাল দুপুরে শহীদ দৌলত মাঠে গিয়ে দেখা গেছে, চিকিৎসক দেখাতে লাইনে দাঁড়িয়েছেন কয়েক শ লোক। অনেকে ব্যবস্থাপত্র আর ওষুধ নিয়ে ফিরে যাচ্ছিলেন বাড়িতে।