টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের আটটি উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কক্সবাজার-টেকনাফ সড়কের ওপর দিয়ে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি প্রবাহিত হওয়ায় গতকাল বুধবার যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটার দিকে ওই সড়কের রামু উপজেলার চেইন্দা এলাকার একটি বিনোদন পার্কের কাছে গিয়ে দেখা গেছে, সড়কটি হাঁটুপানিতে নিমজ্জিত। সেখানে ১০-১২ জন লোক জাল দিয়ে মাছ ধরছেন।বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদর উপজেলার বাংলাবাজার, খরুলিয়া ও তেচ্ছিরপুল এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওপর বন্যার পানি প্রবাহিত হচ্ছে।চকরিয়া, পেকুয়া, রামু, সদর, উখিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অন্তত ৬০টির বেশি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার বন্যার পানিতে ভেসে ও মাটি চাপা পড়ে টেকনাফ, রামু ও সদর উপজেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বিকেলে রামুর তেচ্ছিরপুল এলাকায় স্রোতে ভেসে একটি শিশু নিখোঁজ হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার পাঁচ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন জানান, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের কারণে আটটি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে চকরিয়া ও পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার ২৩টি ইউনিয়নের এক লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।মহেশখালীর আটটি ইউনিয়নের অন্তত পাঁচ শতাধিক বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। পৌরসভা, মাতারবাড়ি, ধলঘাট, ছোট মহেশখালী, বড় মহেশখালী, কালারমার ছড়া ও হোয়ানক ইউনিয়নের অন্তত ৩২টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কে মঙ্গলবার থেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার এবং রামু ও মহেশখালী প্রতিনিধি)।