কক্সবাজারে পানিবন্দী মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল গ্রাম। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল গ্রাম। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের ছয়টি উপজেলার অন্তত তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল বুধবার বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বন্যার পানিতে এখনো ডুবে আছে কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও উখিয়া উপজেলার অন্তত দুই শতাধিক গ্রাম। এসব উপজেলার আমন ধানের বীজতলা পানিতে ডুবে নষ্ট হচ্ছে। বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকার সড়ক যোগাযোগ।

কক্সবাজারের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুর রউফ তালুকদার বলেন, গত ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টিতে জেলার ৫২টি ইউনিয়নের অন্তত পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাত বন্ধ থাকলে আগামী দুই দিনে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। গতকাল পর্যন্ত কক্সবাজারের জন্য ২০ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে।

 কক্সবাজারের রামু উপজেলায় ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে সাতটি ইউনিয়নের শতাধিক গ্রামের ঘরবাড়ি ডুবে গেছে। বন্যার পানিতে উপজেলার বিভিন্ন সড়ক বাঁকখালী নদী ও সোনাইছড়ি খালের পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি বাঁকখালী নদী ও বিভিন্ন খাল দিয়ে বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। তারপরও উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে।

পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন বন্যাকবলিত। এ কারণে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। বন্যার পানিতে কয়েকশ হেক্টর চাষাবাদের জমির ডুবে থাকায় লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছেন পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

মাতামুহুরী নদীর স্রোতে বিলীন হয়েছে চকরিয়া উপজেলার ৫০টির বেশি বসতবাড়ি। পৌরসভার ২৫ হাজার মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে বলে জানান চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।

এদিকে প্লাবিত হয়েছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, পিএমখালী, ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ, খুরুশকুল, ভারুয়াখালী, পোকখালী ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রাম। এ ছাড়া জোয়ারের পানিতে ভাসছে কুতুবদিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম। সমুদ্রের লোনা পানিতে ডুবে গেছে শত একরের ফসলি জমি ও আমনের বীজতলা।

উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টির গ্রামের আট শতাধিক ঘরবাড়ি পানির নিচে বলে জানান পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। তিনি বলেন বলেন, উপজেলার দুই শতাধিক ঘরবাড়ি পানিতে নিমজ্জিত।