কক্সবাজারে পাহাড় কেটে নতুন বসতি
কক্সবাজার শহরে একাধিক পাহাড় কেটে তৈরি হচ্ছে নতুন ঘরবাড়ি। এতে উজাড় হচ্ছে গাছপালা।
গত মঙ্গলবার সমুদ্রসৈকতের বিপরীতে শহরের লাইট হাউস, কলাতলী, আদর্শগ্রাম পাহাড় ঘুরে দেখা যায় পাহাড় কেটে তৈরি করা হয়েছে অসংখ্য ঘরবাড়ি। সেখানে বসবাস করছে রোহিঙ্গারাও। অনেকে পাহাড় কেটে সমতল করা ভূমিতে তৈরি করছেন ঘরবাড়ি।
আদর্শগ্রামে পাহাড় কেটে টিন আর বাঁশ দিয়ে ঘর তৈরি করতে দেখা যায় মহেশখালীর মোহাম্মদ আলমকে। তিনি বলেন, বসতবাড়ি হারিয়ে বছর দশেক আগে তিনি কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকার খাসজমিতে আশ্রয় নিয়েছিলেন। এখন সেই জমি বিমানবন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করায় তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন। তাই মাথা গোঁজার জন্য পাহাড়ে ঘর তৈরি করছেন। এ পর্যন্ত তাঁকে কেউ বাধা দেয়নি।
পাশের কলাতলী পাহাড় কেটে ঘর তৈরি করতে দেখা যায়, সৈয়দ করিমসহ তিন ব্যক্তিকে। সৈয়দ করিম বলেন, ঘরের মালিক চকরিয়ার ফসিউল আলম। দৈনিক ৩০০ টাকা মজুরিতে তাঁরা ঘরটি তৈরি করে দিচ্ছেন।
এই দুটি পাহাড়ে আরও ২০-২৫টি নতুন ঘরবাড়ি তৈরি করা হয়েছে।
লাইট হাউস এলাকার মিজানুর রহমান বলেন, শ্রমিক নিয়োগ দিয়ে প্রকাশ্যে পাহাড় কাটছেন প্রভাবশালী ব্যক্তিরা। পাহাড় কেটে তৈরি করা সমতলভূমির দখলস্বত্ব বিক্রি করা হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক দীপক শর্মা বলেন, শহরের আদর্শগ্রাম, কলাতলী, লাইট হাউস, সার্কিট হাউস, পাহাড়তলী, লারপাড়া ও এবিসি ঘোনা এলাকার ১২টি পাহাড় কেটে গত কয়েক বছরে তৈরি হয়েছে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি। এসব ঘরবাড়িতে বসবাস করছে প্রায় আড়াই লাখ মানুষ। নানা আন্দোলন করেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। পাহাড় কাটার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, নানা চেষ্টা করেও শহরের পাহাড়গুলো রক্ষা করা যাচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সমুদ্রসৈকত এলাকার জমির দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালী ব্যক্তিদের দৃষ্টি পড়েছে আশপাশের উঁচু পাহাড়গুলোতে। এখন রাতে রোহিঙ্গাদের দিয়ে পাহাড় কেটে নতুন ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। দুর্গম পাহাড়ে গিয়ে এসব প্রতিরোধ করাও কঠিন। তিনি আরও বলেন, ২০১৫ সালে শহরের কয়েকটি পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করা প্রায় এক হাজার ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর দেড় শতাধিক মামলা করে। এ সময় পাঁচ শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। এখন নতুন করে তৈরি ঘরবাড়িও উচ্ছেদ করা হবে।