কক্সবাজারে পাহাড় থেকে শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ
কক্সবাজার শহরের বিভিন্ন পাহাড়ে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে শতাধিক অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
গতকাল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ আলীর নেতৃত্বে শহরের কলাতলী ও আদর্শগ্রাম পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ ছাড়া আরও দুটি দল শহরের কয়েকটি পাহাড়ে অভিযান চালায়। বিকেল চারটা পর্যন্ত তিনটি দল শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, শহরের কলাতলী লাইট হাউস, শুকনাছড়ি মুজিবনগর, কলাতলী জেলগেট, ডিককুলসহ বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। বুধবারও (আজ) অভিযান চলবে। তিনি আরও জানান, পাহাড় থেকে লোকজনকে নেমে আসার জন্য মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনুপম সাহা বলেন, প্রাণহানি রোধে পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে।
এদিকে গতকাল সকালে হিমছড়ি এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।