কক্সবাজারে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু
কক্সবাজারে পাহাড় ধসে দুই রোহিঙ্গা মারা গেছেন। আজ শনিবার উখিয়ার ময়নার ঘোনা রোহিঙ্গা শিবির ও টেকনাফে চাকমাকুল রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উখিয়ায় পালংখালীর ময়নার ঘোনার ক্যাম্প-১২, ব্লক-জে/৭–এ শেল্টারের বাসিন্দা অছির আহমদের ছেলে রহিম উল্লাহ (৩২) ও টেকনাফের হোয়াইক্যং চাকমার কূল ক্যাম্প নম্বর ২১, ব্লক-এ/২, ১৮ নম্বর ঘরের বাসিন্দা মোহাম্মদ শাকেরের স্ত্রী নুর হাসিনা (২০)। আজ সকাল ১০টার দিকে রহিম উল্লাহ ও বেলা একটার দিকে টেকনাফে চাকমাকুল রোহিঙ্গা শিবিরে নুর হাসিনা মারা যান।
এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ও কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক। এ বিষয়ে ওই তিন কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, আজ সকাল ১০টার দিয়ে উখিয়ার পালংখালীর ময়নার ঘোনা পুলিশ ক্যাম্প-১২–এর আওতাধীন এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্প-১২, ব্লক-জে/৭–এ শেল্টারের পাশে মাটি কাটতে গিয়ে পাহাড়ের মাটি ধসে পড়ে রহিম উল্লাহ মারা যান। অন্যদিকে একই দিন বেলা একটার দিকে বসতঘর–সংলগ্ন পাহাড় প্রচণ্ড বৃষ্টিতে হঠাৎ একটি অংশ ধসে পড়ে। এতে নুর হাসিনা মাটিতে চাপা পড়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে ক্যাম্প অভ্যন্তরে টহলরত এপিবিএন সদস্যরা এবং আশপাশের লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে শিবিরের অভ্যন্তরে সেভ দ্য চিলড্রেনের হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।