কক্সবাজারে পাহাড়ি ছড়া থেকে বালু তোলা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি ছড়া বা ঝিরি থেকে নির্বিচারে বালু তোলা হচ্ছে৷ এসব বালু নিচু জমি ভরাটসহ নানা অবকাঠামো নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে৷ অবৈধভাবে সংরক্ষিত ছড়া থেকে বালু েতালায় পরিবেশও হুমকির মুখে পড়েছে৷
জানা গেছে, মাতামুহুরী ও বাঁকখালী নদীসহ জেলা সদরের মাছুয়াখালী, নাপিতখালী, কালিরছড়া, উখিয়া উপজেলার দোছড়ি, হিজলীয়া, পালংখালী, থাইংখালী, রেজুরখাল, রামু উপজেলার উত্তর মিঠাছড়ি, বানিয়াছড়া, পানিরছড়া, পেকুয়ার জারুলবনিয়া, সোনাইছড়ি, বটতলীসহ অন্তত ৪২টি পাহাড়ি ছড়া থেকে দৈনিক ৪৫০ ট্রাক বালু উত্তোলন করা হচ্ছে৷
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন৷ এ সময় বালু তোলার একটি ড্রেজার, কাঠের তৈরি নৌকা, মেশিনের মাধ্যমে ছড়া থেকে রাস্তায় বালু টানার ২০০ ফুট পাইপ ও বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়৷
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন৷মাঈন উদ্দিন বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় একাধিক চক্র বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে বালু তুলে আসছে৷ পরিবেশ রক্ষার স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু তোলা বন্ধ করা হচ্ছে৷
রামুর বাঁকখালী নদীর চর থেকে বালু তুলছেন ব্যবসায়ী জাকির হোসেন৷ কারণ জানতে চাইলে তিনি বলেন, সাড়ে ১০ লাখ টাকায় তিনি এই নদী ইজারা নিয়েছেন৷ কিন্তু ইজারার কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি৷ প্রতি ট্রাক বালু তিনি বিক্রি করেন ৩০০ থেকে ৬০০ টাকায়৷
স্থানীয় বালু ব্যবসায়ী আজগর আলী বলেন, নদীর বেশির ভাগ বালু যাচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে নির্মাণাধীন একাধিক বহুতল ভবনের নিচু জমি ভরাটের কাজে৷ আগে শ্রমিক দিয়ে ছড়ার বালু তোলা হলেও এখন যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে৷
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, পাহাড় ও ভূমিধস রোধে উচ্চ আদালত এই উপজেলার ১০টি ছড়ার বালু উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেন৷ কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় ব্যক্তি বালু তুলে যাচ্ছেন৷
চকরিয়া থানার ওসি রণজিৎ বড়ুয়া বলেন, বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে বালু তোলার সময় শ্রমিকদের আটক করা হয়৷ কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় বালু তোলা বন্ধ করা যাচ্ছে না৷
পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’র সাধারণ সম্পাদক মো. আয়াছুর রহমান বলেন, প্রাকৃতিক উত্স থেকে অপরিকল্পিতভাবে বালু আহরণ করায় নদী বা খালের দুই তীর বিলীন হচ্ছে৷ ধসে পড়ছে সংরক্ষিত পাহাড়৷ এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে৷ পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, প্রাকৃতিক উত্স থেকে বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ রক্ষার চেষ্টা চলছে৷জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে৷