কক্সবাজারে পাহাড় কাটা বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় সংরক্ষিত উঁচু পাহাড় কেটে বসতবাড়ি তৈরির হিড়িক পড়েছে। সন্ধ্যার পর লোকজন পাহাড় কাটা শুরু করে। রাতে সমতল ভূমিতে তৈরি করে অস্থায়ী ঘরবাড়ি। গত চার দিনে শুধু এই একটি পাহাড়ে তৈরি করা হয়েছে ৪০টির বেশি ঘরবাড়ি। গতকাল মঙ্গলবার দুপুরে পাহাড়তলী গ্রামের নাজিরঘোনা এলাকা গিয়ে দেখা গেছে, নির্বিচারে পাহাড় কাটার দৃশ্য।পাহাড় কাটায় নিয়োজিত কয়েকজন শ্রমিক বলেন, স্থানীয় প্রভাবশালী আবদুল হক এই পাহাড় কাটায় নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি তাঁদের শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন। পাহাড়ি জমি দখলে রাখতে তিনি ঝুঁকিপূর্ণ স্থানে কয়েকটি অস্থায়ী বাড়িও তৈরি করেন। নির্বিচারে পাহাড় কাটার ফলে গাছপালা উজাড়ের পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।আবদুল হক দাবি করেন, এই পাহাড়ের ওয়ারিশ সূত্রে মালিক তিনি। তাই ঘরবাড়ি তৈরির জন্য সামান্য পাহাড় কাটছেন। এতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। এখন পর্যন্ত কেউ বাধা দিতেও আসেনি।কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, যেভাবে পাহাড়গুলো কাটা হচ্ছে, তাতে জীববৈচিত্র্য ধ্বংসসহ পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পর্যটন শহরে জমির দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় প্রভাবশালী ব্যক্তিরা পাহাড়গুলো দখলে মরিয়া হয়ে উঠেছে। যৌথ অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ না করলে ভবিষ্যতে এখানে পাহাড়ের কোনো চিহ্ন থাকবে না। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, এবারের বর্ষাতেও পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গত বছর একাধিক পাহাড়ধসের ঘটনায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর মারা গেছেন ৫০ জনেরও বেশি। কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, পাহাড় কাটায় মাটি নেমে এসে শহরের ২০টির বেশি নালা ভরাট হয়ে গেছে। পাশের বাঁকখালী নদীর তলদেশ ভরাট হয়ে নৌচলাচল ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতে শহরজুড়ে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ফলে মশা-মাছির উৎপাত বাড়ছে। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নইলে শহরের কোনো পাহাড় রক্ষা করা যাবে না।