কক্সবাজারে পাহাড় কাটা বন্ধের উদ্যোগ
কক্সবাজারে পাহাড় কাটা বন্ধ ও পাহাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চলবে। গতকাল বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রুহুল আমিন এ ঘোষণা দেন। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে কোনো আপস করা হবে না। দখলদার যারা-ই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসিরের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক আরও বলেন, ইদানীং যেভাবে পাহাড় কেটে ফেলা হচ্ছে, ১০ বছর পর কক্সবাজারে পাহাড়ের কোনো চিহ্ন থাকবে না। এ কারণে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি জীববৈচিত্র্যও হারিয়ে যাবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, বেসরকারি সংস্থা নেকমের জেলা কর্মকর্তা মো. শফিকুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।