কক্সবাজারে পাহাড় কাটার অভিযোগে শিক্ষক নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় শত বছরের পুরোনো সংরক্ষিত পাহাড় কাটার অভিযোগে শহরের সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল হকসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন।আবদুল্লাহ আল মামুন গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, প্রধান শিক্ষক শফিকুল হক ও স্থানীয় শাহ আলম দুই মাস ধরে শহরের তারাবনিয়াছড়া কবরস্থানের পাশে সংরক্ষিত পাহাড় কেটে সমতল করে চড়া দামে জমি বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া যায়। গত ৩১ মার্চ সরেজমিন এলাকা পরিদর্শন করে এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পরিবেশ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক শফিকুল হক প্রথম আলোকে বলেন, পাহাড় কাটার সঙ্গে তিনি জড়িত নন। উদ্দেশ্যমূলকভাবে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার দে মামলার বিষয় নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।