কক্সবাজারে পাহাড় কাটায় পাঁচ প্রতিষ্ঠানকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গত মঙ্গলবার সকালে শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী ও আশপাশের পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন এলাকা থেকে কয়েক কিলোমিটার ভেতরেও পাহাড়ে অবৈধ রোহিঙ্গা বসতি আছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান। গত মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জাফর আলমের নেতৃত্বে একটি দল কক্সবাজার শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী পাহাড় কেটে সড়ক ও বহুতল ভবন নির্মাণের জন্য আরএস বিল্ডার্স নামের একটি আবাসন প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। একই অভিযোগে বাইপাস সড়কে নির্মাণাধীন একটি আটতলা ভবন, এই ভবনের পেছনে ঈশান আলী ভুঁইয়া, পাশের এমএন ডেজ ও মিশন গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশরাফ, হারুন-অর রশিদ প্রমুখ। পরিদর্শক সাইফুল আশরাফ প্রথম আলোকে বলেন, ২৩ জুনের (আজ) মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে গিয়ে পাহাড় কেটে স্থাপনা তৈরির কারণ জানাতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।