কক্সবাজারে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরির হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ছোট-বড় ১০টির বেশি পাহাড় কেটে বসতবাড়ি তৈরির হিড়িক পড়েছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। কাটা অংশ দিয়ে বৃষ্টির পানি ঢুকে পাহাড়ে বড় বড় ফাটল ধরেছে। ফলে পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গত জুন মাসে একাধিক পাহাড়ধসের ঘটনায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে শহরের দক্ষিণ পাহাড়তলী পাহাড়ে গিয়ে দেখা গেছে, একদল লোক প্রকাশ্যে পাহাড় কাটছে। কিছু লোক পাহাড় কাটার মাটি ঠেলাগাড়িতে ভরে নিয়ে যাচ্ছে। পাহাড় কাটার প্রসঙ্গে জানতে চাইলে কালুর দোকান মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘সমিতির ১৬ সদস্য মিলে স্থানীয় জাফরের কাছ থেকে পাহাড়ি এই জমিটি কিনেছি। লেবুবাগান করার জন্য এখন পাহাড়টি পরিষ্কার করা হচ্ছে। শ্রমিকরা কিছু আগাছা কেটে ফেললেও পাহাড় কাটা হচ্ছে না।’ দেখা গেছে, পাহাড়তলী ছাড়াও শহরের বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, লাইটহাউসপাড়া, সৈকতপাড়া, বাসটার্মিনাল, লারপাড়া, কলাতলী, সাহিত্যিকা পল্লীর পাহাড় কেটেও তৈরি হচ্ছে নানা অবকাঠামো। কয়েক বছরে শহরের অধিকাংশ পাহাড় দখল করে তৈরি হয়েছে হাজার হাজার অবৈধ বসতবাড়ি। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, শহরের ১০টির বেশি পাহাড় দখল করে বিগত কয়েক বছরে অন্তত ১৫ হাজার ঘরবাড়ি তৈরি করা হয়েছে। এসব ঘরবাড়িতে মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে এক লাখের বেশি মানুষ। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, পৌরসভা ও বন বিভাগ কোনো মতেই পাহাড় কাটা বন্ধ করতে পারছে না। ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ জানান, দিনের বেলায় এখন কেউ পাহাড় কাটে না। রাতের বেলায় পাহাড় কাটার খবর পেলেই আমরা ছুটে যাই। কিন্তু জড়িতদের হাতেনাতে ধরা সম্ভব হচ্ছে না। কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, নানাভাবে চেষ্টা করেও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। পাহাড় কাটার মাটিতে ভরাট হয়ে শহরের অন্যতম প্রধান নদী ‘বাঁকখালী’ চলাচল অযোগ্য হয়ে পড়েছে।