কক্সবাজারে পাহাড় কেটে বসতবাড়ি
কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্থানে উঁচু পাহাড় কেটে তৈরি হচ্ছে বসতবাড়ি। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় পাহাড় কাটার ফলে মাটি ধসের ঘটনা বাড়ছে। বিভিন্ন পাহাড়ে দেখা দিচ্ছে বড় বড় ফাটল।কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, বর্ষণ শুরু হলে একশ্রেণীর মানুষ পাহাড় কাটা শুরু করে। কারণ বর্ষার পানিতে পাহাড়ের মাটি দ্রুত নিচে নেমে আসে। এতে মাটি কাটার বিপরীতে শ্রমিক নিয়োগ করতে হয় না। কিন্তু রাতের বেলায় পাহাড় কাটা হয় বলে দুর্গম স্থানে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। গতকাল রোববার সকালে শহরের বৈদ্যাঘোনা পাহাড় পরিদর্শন করে দেখা গেছে, কয়েকজন নারী-পুরুষ একখণ্ড উঁচু পাহাড় কেটে ( সমতল করা ভূমিতে) বাঁশের বেড়া ও ছনের ছাউনি দিয়ে একটি ঘর তৈরি করছেন। এর কারণ জানতে চাইলে মহেশখালীর হোয়ানক থেকে আসা দিনমজুর আমান উল্লাহ (৪৫) বলেন, ‘গরিব মানুষ, থাকার জায়গা নাই। তাই সরকারি পাহাড় কেটে মাথা গোঁজার ঠাই করে নিচ্ছি।’একটু দূরে পাহাড় কেটে ঘর নির্মাণ করছেন কুতুবদিয়ার লেমশীখালী গ্রামের রশিদ আহমদ (৪৪)। রশিদ বলেন, ‘সাগরের করাল গ্রাসে দেড় মাস আগে তাঁর ঘরটি বিলীন হয়। এরপর পরিবারের পাঁচ সদস্য নিয়ে কক্সবাজার শহরে চলে আসি। রিকশা চালিয়ে সারা দিনে আয় হয় প্রায় ২০০ টাকা। তা দিয়ে সংসার চলে না। তাই পাহাড় কেটে এই ঘরটি তৈরি করছি।’ আশপাশের আরও কয়েকটি পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করতে দেখা গেছে। অনুসন্ধানে জানা গেছে, শহরের বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী, লাইটহাউসপাড়া, সৈকতপাড়া, বাস টার্মিনাল, লারপাড়া, কলাতলী, সাহিত্যিকা পল্লি, আদর্শগ্রামসহ বিভিন্ন পাহাড় কেটে এখন বসতবাড়ি তৈরির হিড়িক পড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩০ জুলাই সকালে সাহিত্যিকা পল্লি এলাকায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৬, ২৭ ও ২৮ জুন একাধিক পাহাড় ধসের ঘটনায় জেলার বিভিন্ন স্থানে মারা গেছে ৬৪ জন। কিন্তু তারপরও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। ২০১০ সালের ১৫ জুন শহরের একাধিক পাহাড় ধসের ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছিল। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শহরের বিভিন্ন পাহাড় দখল করে গত কয়েক বছরে অন্তত ১৫ হাজার ঘরবাড়ি তৈরি করা হয়েছে।কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, সামান্য বৃষ্টি হলেই পুরো শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এর অন্যতম কারণ হচ্ছে পাহাড়কাটা। অন্যদিকে পাহাড় কাটার মাটি শহরের নালা-নর্দমা ভরাট করে ফেলছে। বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত না করে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসতবাসকারী লোকজনকে সরানো সম্ভব নয়। পাহাড়ের লোকজনকে সরানো না গেলে উঁচু পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণও বন্ধ করা অসম্ভব।কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাশ বলেন, পাহাড় কাটার খবর পেলেই অভিযান চালানো হয়। কিন্তু রাতের বেলা এবং বৃষ্টির সময় পাহাড় কাটা হচ্ছে বলে জড়িত ব্যক্তিদের হাতেনাতে ধরা সম্ভব হচ্ছে না।